লন্ডন, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিজে সদ্যই ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দেয়ায় তার ওপরে নির্বাচকদের সন্তুষ্ট থাকারই কথা। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপেও তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের সেরা আসরে ইংল্যান্ডের প্রাথমিক দলেই জায়গা পাননি অ্যান্ড্রু স্ট্রাউস। তবে সেজন্য নির্বাচকদের দোষ দেয়া যাবে না। কারণ স্ট্রাউস স্বেচ্ছায় এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে!
সোমবার ৩০ জনের দল ঘোষণার পর স্ট্রাউসের নাম না দেখে পুরো ইংল্যান্ডই বিস্মিত হয়েছে। বিস্ময় নিয়েই মঙ্গলবার তাকে চেপে ধরে সাংবাদিকরা জানতে চেয়েছেন তিনি নিজেই দল থেকে সরে দাঁড়িয়েছেন কিনা। এই প্রশ্নে স্ট্রাউসের সোজাসুজি জবাব, "হ্যাঁ, এটা ঠিক। অবশ্যই তারা (নির্বাচকরা) এ ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছেন। এবং আমার ভালোমতোই মনে হয়েছে এই খেলায় (টোয়েন্টি টোয়েন্টি) আমার অবস্থা তেমন ভালো নয়।"
নিজের দেশে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে কেন খেলতে চাইছেন না সেই ব্যাখ্যাও দিলেন তিনি, "আমি মনে করি যে কোনো দলের অধিনায়কের তার জায়গার মূল্য সম্পর্কে অবহিত থাকা উচিৎ। আমার সমস্যাটা এখানেই। আমি মনে করি না দেশের সেরা ১১ জন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটারের মধ্যে আমার জায়গা হতে পারে। আর তাই এই দলকে আমার নেতৃত্ব দেয়াটা হতো ভুল। আসল কথা হলো টোয়েন্টি টোয়েন্টির সেরা ১১ জন খেলোয়াড়েরই ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা উচিৎ। এবং আমি মনে করি না আমি তাদের মধ্যে আছি।"
তবে ওয়ানডে ক্রিকেটে খেলতে কোনো আপত্তি নেই স্ট্রাউসের, "আমার দৃঢ় বিশ্বাস ৫০ ওভারের ক্রিকেটে আমি ভালোভাবেই দায়িত্ব পালন করতে পারবো। কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে ১৭০ থেকে ১৮০ রান করা দরকার। সেজন্য প্রয়োজন শক্তিশালী খেলোয়াড়দের। এবং আমি নিঃসন্দেহে তা নই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫০ঘ.
bdnews24