কেপটাউন, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। দলও মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজিত। রোববার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ রিকি পন্টিং। তবে সেদিনের দুঃসহ অভিজ্ঞতাকে পেছনে ফেলে বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ অস্ট্রেলিয়া অধিনায়ক। সেজন্য দলের ব্যাটসম্যানদের কাছে আরও দায়িত্বশীলতার আহ্বান পন্টিংয়ের।
সেদিন অস্ট্রেলিয়ার দুরবস্থার জন্য পন্টিংয়ের দায়ও শতভাগ। তিনি অবশ্য ৮ রান করে আউট হওয়ার জন্য নিজের ওপরেই খানিকটা বিরক্ত। সেই ম্যাচে দুই ওপেনার ব্র্যাড হ্যাডিন ও মাইকেল ক্লার্কের ব্যাট থেকে এসেছে মাত্র ১ ও ৫ রান। দুই ভাই মাইক (৩) ও ডেভিড হাসিও (১) চরমভাবে ব্যর্থ। ওয়ানডেতে টপঅর্ডার ব্যাটসম্যানদের গুরুত্বের কথা সতীর্থদের আরো একবার মনে করিয়ে দিয়ে তিনি বললেন, "ওয়ানডে ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিংয়ের অর্থই হলো বড় স্কোর গড়ার পাশাপাশি নিজের কাঁধে কঠিন দায়িত্ব তুলে নেয়া। মাইকেল ক্লার্ক সেখানে সাফল্য পেয়েছে। ব্র্যাড হ্যাডিনও ভালো করেছে। এবং আমিও বহু দিন ধরে তিন নম্বরে ব্যাট করছি। তাই বাকি সিরিজে আমাদের আরো বেশি ধারাবাহিক হতে হবে।"
তবে তাই বলে তৃতীয় ওয়ানডেতে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন অস্ট্রেলিয়া অধিনায়ক, "আমাদের অনেক বড় ধরণের পরিবর্তনের দরকার নেই। আমাদের শুধু যারা আছে তাদের আরেকটু ভালো খেলতে হবে। আমিও তো ঠিক একই নৌকার যাত্রী।" ওয়ানডেতে গত বছরের ফেব্র"য়ারিতে সর্বশেষ সেঞ্চুরি করা (সিডনিতে ভারতের বিপক্ষে) পন্টিং নিজেও বৃহস্পতিবার ভালো খেলতে উদগ্রীব, "ওয়ানডে ক্রিকেটে আমি অনেক দিন ধরে সেঞ্চুরি করি না। তাই আমাকেও ভালো খেলে বড় স্কোর গড়তে হবে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24