ওয়েলিংটন, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে ব্যাট হাতে লড়াই করেছিলেন তারা দুজন, তারপর বল হাতেও সেই হরভজন সিং আর জহির খানেরই দারুণ সাফল্য ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণ এনে দিয়েছে ভারতের হাতে। নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রান তোলার পর নিউজিল্যান্ডকে ১৯৭ রানে অলআউট করে দিয়ে ১৮২ রানের লিড নিয়েছে তারা, তারপর দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলে শনিবার দ্বিতীয় দিনশেষেই সেই লিডকে নিয়ে গেছে ২৩৩ পর্যন্ত।
প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পাওয়ার সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকা ভারত এখন ১৯৬৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে। এই টেস্টে না হারলেই সিরিজ জিতবে তারা, আর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জিততে হলে বড় ধরনের অঘটনেরই জন্ম দিতে হবে স্বাগতিকদের।
আগের দিনের ৯ উইকেটে ৩৭৫ রান নিয়ে দিন শুরু করা ভারত শনিবার আর মাত্র ৪ রান যোগ করেই অলআউট হয়ে গেছে। কিন্তু তারপর জহির (৫/৬৫) আর হরভজন (৩/৪৩) মিলে মাত্র ৬৫ ওভারেই গুটিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। কিউইদের ইনিংসে কোনো হাফসেঞ্চুরিও নেই, সর্বোচ্চ ৪২ রান করেছেন রস টেলর।
এর আগে ভারতের ইনিংসে ব্যাট হাতে ৬০ রান করেছিলেন হরভজন, আর জহির করেছিলেন ৩৩ রান।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে ভারত তাদের ওপেনার বীরেন্দর শেবাগের উইকেটটি হারালেও গৌতম গম্ভীর (২৮*) আর রাহুল দ্রাবিড় (৯*) আর কোনো বিপদ হতে দেননি। আউট হওয়ার আগে তিনটি বাউন্ডারিতে ১২ করেছেন শেবাগ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৭৯/১০ (টেন্ডুলকার ৬২, হরভজন ৬০, ধোনি ৫২, শেবাগ ৪৮, দ্রাবিড় ৩৫, জহির ৩৩, গম্ভীর ২৩, শর্মা ১৮, প্যাটেল ১৫*; মার্টিন ৪/৯৮, ও'ব্রায়েন ২/৮৯, সাউদি ২/৯৪, রাইডার ১/৩, ফ্রাঙ্কলিন ১/৩৮) ও দ্বিতীয় দিনশেষে ৫১/১ (শেবাগ ১২, গম্ভীর ২৮*, দ্রাবিড় ৯*; মার্টিন ১/১৩)
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৯৭/১০ (টেলর ৪২, ম্যাকিন্টোশ ৩২, ম্যাককালাম ২৪, ও'ব্রায়েন ১৯, গাপটিল ১৭, সাউদি ১৬, ফ্রাঙ্কলিন ১৫; জহির ৫/৬৫, হরভজন ৩/৪৩, প্যাটেল ১/২০, শর্মা ১/৪৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৪৫ঘ.
bdnews24