ডারবান, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাট হাতে মাইক হাসির সাফল্যের পর বল হাতে ন্যাথান হরিজের ঘুর্ণি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সূচনা এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শুক্রবার ডারবানে ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রিকি পন্টিংয়ের দল।
টস জিতে ব্যাট করতে নেমে মাইক হাসির ৭৯ বলে ৮৩ রানের সুবাদে অস্ট্রেলিয়ানরা ৫০ ওভারে তুলেছিল ৭ উইকেটে ২৮৬ রান। জবাব দিতে নেমে বাঁহাতি স্পিনার হরিজের ঘুর্ণিতে ৩৩.১ ওভারে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে গেছে প্রোটিয়াদের ইনিংস। ৮.১ ওভারে মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন হরিজ। সেই সঙ্গে মিচেল জনসন (২/২৪) আর জেমস হোপসদের (২/২৪) দারুণ বোলিংয়ের সামনে অধিনায়ক গ্রায়েম স্মিথ (৫২) আর হার্শেল গিবস (৩৩) ছাড়া আর কেউই তেমন একটা লড়াই করতে পারেননি। দ্বিতীয় উইকেটে এই দুজনের ৭৪ রানের জুটিতে এক পর্যায়ে ১ উইকেটে ৯১ রান তুলেছিল স্বাগতিকরা। সেখান থেকে মাত্র ৫৪ রানে শেষ নয় উইকেট হারিয়ে বসেছে তারা।
এর আগে বিকেলে অস্ট্রেলিয়ার ইনিংসটা গড়ে উঠেছে মূলত হাসির ব্যাটে ভর করেই। টেস্ট সিরিজে তেমন ভালো খেলতে পারেননি, ৩ ম্যাচে ২২ গড়ে মাত্র ১৩২ রান এসেছিল তার ব্যাট থেকে, ফিফটি ছিল একটি। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে শুক্রবার জ্বলে উঠেছেন হাসি, খেলেছেন ৭৯ বলের ইনিংসটা ছটি বাউন্ডারি আর দুটি ছক্কায় সাজিয়েছেন তিনি।
হাসি ছাড়াও ফিফটি পেয়েছেন ওপেন করতে নামা ব্র্যাড হ্যাডিন (৫৩)। এই দুজন ছাড়া অধিনায়ক রিকি পন্টিং (৩৭) এবং জেমস হোপস (৩৮) ব্যাট হাতে অবদান রাখায় অস্ট্রেলিয়া পেয়েছে লড়াই করার মতো সংগ্রহ। প্রোটিয়াদের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও মর্নে মরকেল।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৮৬/৭ (হাসি ৮৩, হ্যাডিন ৫৩, হোপস ৩৮*, পন্টিং ৩৭, ফার্গুসন ২৫; স্টেইন ২/৪৫, মর্নে মরকেল ২/৬১, এনটিনি ১/৬৭)
দক্ষিণ আফ্রিকা : ৩৩.১ ওভারে ১৪৫/১০ (স্মিথ ৫২, গিবস ৩৩, দুমিনি ১৫, অ্যালবি মরকেল ১৪; হরিজ ৪/২৮, জনসন ২/২৪, হোপস ২/২৪)
ফল : অস্ট্রেলিয়া ১৪১ রানে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/এসএইচ/১৫৪৫ঘ.
bdnews24