২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার অস্ট্রেলিয়া দলে সাইমন্ডস

"আবার অস্ট্রেলিয়ার পক্ষে খেলার সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ"--- খবরটা শুনে অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়ার নির্বাচকদের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করাই উচিৎ। মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনায় যখন তার ক্যারিয়ার হুমকির মুখে ঠিক তখনই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে থাকার সুসংবাদ পেলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

সিডনি, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আবার অস্ট্রেলিয়ার পক্ষে খেলার সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ"--- খবরটা শুনে অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়ার নির্বাচকদের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করাই উচিৎ। মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনায় যখন তার ক্যারিয়ার হুমকির মুখে ঠিক তখনই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে থাকার সুসংবাদ পেলেন তিনি। আগামী জুনে ৩৪ পূর্ণ করতে যাওয়া সাইমন্ডসের জীবনে অন্ধকারের সূচনা গত বছর বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে। সে সময় মাছ ধরতে গিয়ে টিম মিটিং মিস করার অপরাধে দল থেকে তাকে বের করে দেয়া হয়েছিল। এরপর ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট খেললেও চার ইনিংসে একটার বেশি ফিফটি পাননি। শেষ টেস্টে তাই সুযোগও পাননি প্রথম একাদশে। ফর্মের পাশাপাশি ফিটনেস সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে দলে রাখেনি অস্ট্রেলিয়া। দলের বাইরে থাকার হতাশার যোগ হয়েছে বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার অভ্যাস! গত কয়েক মাসে বারে গিয়ে একাধিকবার মদ্যপ অবস্থায় গোলমাল করায় তাকে মনোবিদের শরণাপন্নও হতে হয়েছে! তাতে কাজও হয়েছে অবশ্য। সাইমন্ডসের আচরণে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্মকর্তারা এখন সন্তুষ্ট। তাই ক্যারিয়ার পুনরুজ্জীবনের আরেকটা সুযোগ পেলেন তিনি। আগামী জুনে অনুষ্ঠেয় টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে ব্রেট লি, শেন ওয়াটসন, শন মার্শ এবং শন টেইটকেও রেখেছে অস্ট্রেলিয়া। চারজনই ইনজুরি কাটিয়ে এখন সুস্থ হওয়ার পথে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.