২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয়তায় ভরা দিনের শেষটা ভারতের

শুরুটা দুর্দান্ত, মাঝে পথ হারিয়ে বিপদের আশঙ্কা এবং সবশেষে টেলএন্ডারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানো --- শুক্রবার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের ঘটনাবলী। নিউজিল্যান্ডের মাটিতে ৪১ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ভারত যে ঘটনাবলীর যোগফলে দিনটা শেষ করেছে ৯ উইকেটে ৩৭৫ রান নিয়ে। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র ধোনি আর হরভজন সিংয়ের তিন ফিফটিতে আসা এই সংগ্রহ লড়াই করার সাহসও যোগাচ্ছে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ওয়েলিংটন, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুরুটা দুর্দান্ত, মাঝে পথ হারিয়ে বিপদের আশঙ্কা এবং সবশেষে টেলএন্ডারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানো --- শুক্রবার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের ঘটনাবলী। নিউজিল্যান্ডের মাটিতে ৪১ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ভারত যে ঘটনাবলীর যোগফলে দিনটা শেষ করেছে ৯ উইকেটে ৩৭৫ রান নিয়ে। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র ধোনি আর হরভজন সিংয়ের তিন ফিফটিতে আসা এই সংগ্রহ লড়াই করার সাহসও যোগাচ্ছে ভারতকে। একে তো কনকনে ঠান্ডা, তার ওপরে তীব্র বাতাস। তাছাড়া ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবসময়ই পেসারদের দিকে হাত বাড়িয়ে দেয়ার একটা 'সুনাম' আছে। নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি তাই টস জিতে একটুও দ্বিধা করেননি, ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন প্রতিপক্ষকে। কিন্তু বীরেন্দর শেবাগ ফর্মে থাকলে বিরূপ কন্ডিশন কী আর পাত্তা পায়! ভারত তাই প্রথম ঘন্টাতেই পেয়ে গেছে ৬৫ রান। বলাই বাহুল্য, এমন দুর্দান্ত সূচনার প্রধান রূপকার শেবাগ। ৫১ বলে ৭ বাউন্ডারি ও টিম সাউদিকে উড়িয়ে মারা দারুণ এক ছক্কাসহ ৪৮ রান করে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছু করার। কিন্তু ইয়ান ও'ব্রায়েনের বলে কট বিহাইন্ড হয়ে থেমে গেছে সেই 'ঝড়'। ৭৩ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পরের ওভারেই গৌতম গম্ভীরকে (২৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন জেমস ফ্র্যাংকলিন। টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দৃঢ়তায় জোড়া ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছিল ভারত। ৫৩তম টেস্ট ফিফটি পাওয়া টেন্ডুলকার ভালোই খেলছিলেন। কিন্তু ফিফটি করার পর বেশিদূর যেতে পারেননি সর্বকালের সফলতম ব্যাটসম্যান, ১১ বাউন্ডারিতে ৬২ রান করে ক্রিস মার্টিনের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ১৬৫ রান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। যুবরাজ সিংয়ের ব্যাট থেকেও ফিফটি এসেছিল ঐ ইনিংসে। কিন্তু শুক্রবার দুজনই ব্যর্থ। মাত্র ৪ রান করে সাউদির বলে ক্যাচ তুলে দিয়েছেন লক্ষ্মণ। আর ৯ রান করা যুবরাজকে এলবিডব্লু করেছেন জেসি রাইডার। এই দুজনের ব্যর্থতায় ১৮২ রানে ৫ উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। দলীয় ২০৪ রানে বিপদ আরো বাড়িয়েছেন দ্রাবিড় (৩৫), মার্টিনের বলে আউট হয়ে। তারপরই ধোনির সঙ্গে হরভজনের দারুণ এক জুটির জন্ম। যে জুটিতে মূল্যবান ৭৯ রান পেয়েছে সফরকারীরা। ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ভারত অধিনায়ক করেছেন ৫২ রান। তাকেও পেছনে ফেলে দেয়া হরভজনের ব্যাট থেকে এসেছে ৭ বাউন্ডারি ও এক ছক্কাসমৃদ্ধ ৬০ রান। এই দুজনের বিদায়ের পর জহির খান (৩৩) এবং শেষ দুই ব্যাটসম্যান ইশান্ত শর্মা (১৫*) ও মুনাফ প্যাটেলের (১৪*) দৃঢ়তাও স্বস্তিকর জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে ভারতকে। ভারতের সেরা অফস্পিনার হলেও দলের প্রয়োজনে ব্যাট হাতে প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হরভজন। তবে দল বিপদে পড়েছিল বলেই শুক্রবারের অবদান একটু বেশিই তৃপ্তি দিচ্ছে 'ভাজ্জি'কে, "ব্যাটিং অর্ডারের নিচের দিকে বড় অবদান রাখা সত্যিই খুব কঠিন। স্কোরবোর্ডের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমরা বেশ সম্মানজনক সংগ্রহ গড়েছি। আমি ব্যাট করতে নামার সময় পরিস্থিতি তেমন ভালো ছিল না। ভাগ্যিস আমি, ধোনি আর অন্য ব্যাটসম্যানরা বেশ কিছু রান পেয়েছি।" সংক্ষিপ্ত স্কোর : ভারত ১ম ইনিংস : ৩৭৫/৯ (টেন্ডুলকার ৬২, হরভজন ৬০, ধোনি ৫২, শেবাগ ৪৮; মার্টিন ৩/৯৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.