ঢাকা, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এর আগে স্বল্প মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের পোশাক স্পনসর হয়েছিল বাটা স্যু কোম্পানি। তবে এবার তারা দীর্ঘ মেয়াদেই গাঁটছড়া বাঁধলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে দুই পক্ষের তিন বছর মেয়াদী এক চুক্তি। নতুন চুক্তি অনুযায়ী অবশ্য তারা শুধুই আর জাতীয় দলের পোশাক স্পনসর থাকছে না। এখন থেকে মহিলা জাতীয় দল, বাংলাদেশ 'এ' দল, বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল এবং জিপি-বিসিবি একাডেমী দলের জার্সিতেও শোভা পাবে বহুজাতিক জুতা প্রস্তুতকারী এই সংস্থার লোগো।
এই চুক্তির বিনিময়ে বাটা তিন বছরে বিসিবিকে দেবে ২ লাখ ২৫ হাজার ইউএস ডলার। অবশ্য এর মধ্যে ২০০৮ এর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদী চুক্তির ১৫ হাজার ডলারও অন্তর্ভূক্ত। আর নতুন চুক্তি কার্যকর ধরা হয়েছে এ বছরের ১ জানুয়ারি থেকে। এ সময় থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত পোশাক তৈরির খরচা বাবদ ১ লাখ ১০ হাজার ডলার দেবে বাটা। আর স্পনসরশিপের রয়্যালটি বাবদ এক লাখ ডলার। বাটা স্যু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডগলাস হার্নস এবং বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই দু'জন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি'র পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বাটার বিজনেস ডেভলপমেন্ট কনসালটেন্ট এমএ কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫ঘ.
bdnews24