জোহানেসবার্গ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে গড়তে হবে রান তাড়া করার নতুন রেকর্ড, কিন্তু সেই সম্ভাবনার দুয়ারটা খোলাই রেখেছে দক্ষিণ আফ্রিকানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনশেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে তারা। জিততে হলে শেষ দিনে তাদের করতে হবে আরো ২৭৬ রান, আর অস্ট্রেলিয়াকে নিতে হবে আটটি উইকেট।
এর আগে চতুর্থ দিন সকালে ১ উইকেটে ৫১ রান নিয়ে দিনশুরু করা সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় মাত্র ২০৭ রান তুলে। ওপেনার ফিলিপ হিউজ সর্বোচ্চ ৭৫ রান করেন, এছাড়া পঞ্চাশ পেরোতে পারেননি আর কেউই। এক পর্যায়ে ১৪৭ রানে ৮ উইকেট হারিয়ে বসা অস্ট্রেলিয়ানরা দুশ পেরিয়েছে নবম উইকেটে ব্র্যাড হ্যাডিন (৩৭) আর পিটার সিডলের ২৭ এবং শেষ উইকেটে সিডল (অপরাজিত ২২) ও বেন হিলফেনহাসের (১৬) ৩৩ রানের জুটিতে।
প্রথম ইনিংসে ২৪৬ রানে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪৫৪। প্রথম ইনিংসে মাত্র ২২০ রানে অলআউট হওয়া স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক গ্রায়েম স্মিথ (৬৯) আর নিল ম্যাকেঞ্জি। উদ্বোধনী জুটিতে তাদের ৭৬ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে হাশিম আমলাকে নিয়ে আরো ৫৪ রান যোগ করেন স্মিথ। দিনশেষে আমলা ৪৩ আর জ্যাক ক্যালিস ২৬ রান নিয়ে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৪৬৬ (নর্থ ১১৭, জনসন ৯৬*, পন্টিং ৮৩; স্টেইন ৪/১১৩, মরনে মরকেল ৩/১১৭) ও ২০৭ (হিউজেস ৭৫, হ্যাডিন ৩৭, পন্টিং ২৫, সিডল ২২*, হিলফেনহাস ১৬, ক্যাটিচ ১০; ক্যালিস ৩/২২, এনটিনি ৩/৫২, হ্যারিস ২/৩৬)
দক্ষিণ আফ্রিকা ২২০ ( ডিভিলিয়ার্স ১০৪, ম্যাকেঞ্জি ৩৬; জনসন ৪/২৫, সিডল ৩/৭৬) ও ১৭৮/২ (ম্যাকেঞ্জি ৩৫, জনসন ৬৯, আমলা ৪৩*, ক্যালিস ২৬*; জনসন ১/৫৯, হিলফেনহাস ১/৪৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৪১ ঘ.
bdnews24