লাহোর, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অধিনায়ক হিসেবে মাহেলা জয়াবর্ধনের শেষ সিরিজটা বোধহয় থিলান সামারাবীরার সিরিজই হতে যাচ্ছে। করাচীতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অধিনায়কের পাশাপাশি ডাবল সেঞ্চুরি বেরিয়ে এসেছিল তার ব্যাট থেকেও। করেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৩১ রান। এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার থেকে শুরু শেষ টেস্টেও হাসছে তার ব্যাট। 'হাসছে' কারণ, ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করা এই শ্রীলঙ্কান দিনের শেষে অপরাজিত ১৩৩ রানে। এর সঙ্গে কুমার সাঙ্গাকারার অষ্টাদশ টেস্ট সেঞ্চুরিও যোগ হওয়ায় লাহোর টেস্টের প্রথম দিনটা শ্রীলঙ্কারই। দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৭।
উইকেটে আঁকড়ে পড়ে থাকার জন্য থিলান সামারাবীরার নামই হয়ে গিয়েছিল 'দি গ্লু'। এই সিরিজে পাকিস্তানি বোলাররা সেটা আরো বেশি করে টের পাচ্ছেন। যদিও টস জিতে ইউনিস খানের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যৌক্তিক বলেই মনে হচ্ছিল। ৩৫ রানেই দুই শ্রীলঙ্কান ওপেনার মালিন্দা ওয়ার্নাপুরা (৮) ও পারানাভিতানাকে (২১) ফিরিয়ে দেন উমর গুল। সেখান থেকে সাঙ্গাকারা ও অধিনায়ক জয়াবর্ধনের (৩০) ৬১ রানের জুটিও ভাঙ্গেন গুলই। তবে এরপর থেকেই সাঙ্গাকারা-সামারাবীরার ব্যাটে শ্রীলঙ্কানদের দিনটাকে নিজেদের করে নেওয়ার শুরু। চতুর্থ উইকেটে তারা দু'জনে মিলে যোগ করে ২০৪ রান। যদিও ৫৫ রান থাকা অবস্থায় একটা সুযোগ দিয়েছিলেন সাঙ্গাকারা। কিন্তু ফয়সাল ইকবাল তার ক্যাচ ফেলে দেন। শেষপর্যন্ত ১০৪ রান করে সাঙ্গাকারা আউট হয়ে গেলেও আছেন সামারাবীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24