২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের ১৬৪, আবাহনীর ৩৪৪ কোনোটারই জবাব ছিল না গাজী ট্যাঙ্কের

খেলাশেষে অন্তহীন আফসোসে পুড়লেন মোহাম্মদ আশরাফুল। এনামুল হক জুনিয়রের বলে কাভার থেকে পয়েন্টে দৌড়ে গিয়েও শেষপর্যন্ত বল তালুবন্দী করতে না পারা গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের অধিনায়ক বললেন, "ওই 'হাই ক্যাচ'টা অবশ্যই নেওয়া উচিত ছিল।" দিনের শেষে ক্যাচ ফেলার ঘটনাটির এতো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার কারণ, ওই ক্যাচটি নিলে ৭৪ রানেই থেমে যান তামিম ইকবাল। তাহলে আবাহনীর এই ওপেনার এর সঙ্গে আরো ৯০ রান যোগ করতে পারেন না এবং গাজী ট্যাঙ্ক রান তাড়া করতে নামার আগেই তাদের হারও নিশ্চিত হয়ে যায় না!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- খেলাশেষে অন্তহীন আফসোসে পুড়লেন মোহাম্মদ আশরাফুল। এনামুল হক জুনিয়রের বলে কাভার থেকে পয়েন্টে দৌড়ে গিয়েও শেষপর্যন্ত বল তালুবন্দী করতে না পারা গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের অধিনায়ক বললেন, "ওই 'হাই ক্যাচ'টা অবশ্যই নেওয়া উচিত ছিল।" দিনের শেষে ক্যাচ ফেলার ঘটনাটির এতো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার কারণ, ওই ক্যাচটি নিলে ৭৪ রানেই থেমে যান তামিম ইকবাল। তাহলে আবাহনীর এই ওপেনার এর সঙ্গে আরো ৯০ রান যোগ করতে পারেন না এবং গাজী ট্যাঙ্ক রান তাড়া করতে নামার আগেই তাদের হারও নিশ্চিত হয়ে যায় না! তামিম ইকবালের ১৪৩ বলে ১৬৪ রানের মারদাঙ্গা ইনিংসেই আসলে ম্যাচ থেকে ছিটকে যায় গাজী ট্যাঙ্ক। কারণ এর ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৪ রান তুলে নিজেদের একদম ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় আবাহনী, যা চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগের সর্বোচ্চ ইনিংস। অবশ্য তামিমের ইনিংসটি এবারের ব্যক্তিগত সর্বোচ্চ নয়। প্রথম পর্বে সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংসটি খেলেছিলেন গাজী ট্যাঙ্কেরই ওপেনার মোহাম্মদ মিথুন। জিততে হলে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওরকমই আরেকটা বিস্ফোরক ইনিংস দরকার ছিল তাদের। কিন্তু তা না পাওয়ায় গাজী কতো কম ব্যবধানে হারতে পারে, কৌতুহল ছিল এ নিয়েই। শেষপর্যন্ত ৬ উইকেটে ২৩০ রানের বেশি তুলতে পারেনি তারা। হারটা তাই ১১৪ রানের বিশাল ব্যবধানেই। প্রথম পর্বের ম্যাচে মাত্র ১০৫ রানে অলআউট হওয়ার লজ্জা এবং ৬ উইকেটে হারের কী মধুর প্রতিশোধই সুপার লিগের শুরুতে নিয়ে নিল প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়ে গেল তারা। ১৬ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা সূর্যতরুণ এবং বিমান, দু'দলই এদিন জয় দিয়ে তাদের সুপার লিগ অভিযান শুরু করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে অধিনায়ক খালেদ মাসুদের ব্যাটিং মোহামেডানের বিপক্ষে ৩ উইকেটের জয় এনে দিয়েছে সূর্যতরুণকে। আর বিকেএসপিতেও বিমান-পারটেক্স ম্যাচটা জমে উঠেছিল খুব। যাতে শেষপর্যন্ত ৭ রানের জয় পেয়েছে বিমান। শুরুতেই চলতি আসরে তাদের অন্যতম সফল ব্যাটসম্যান রনি তালুকদারকে (০) হারালেও পথ হারায়নি আবাহনী। বিশেষ করে তৃতীয় উইকেটে ভারতীয় রিক্রুট রেশমি রঞ্জন পারিতাকে (৬৬) নিয়ে তামিম ১৫৮ রান যোগ করলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় তারা। ১৮ বাউন্ডারি ও চার ছক্কায় ১৬৪ রান করে তামিম যখন ওই এনামুলের বলেই ক্যাচ দেন, তখন আবাহনীর রান ২৯৮ রান এবং তখনো ইনিংসের ২৭ বল বাকি। ওই অবস্থায় নাদীফ চৌধুরীর ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে ২৭ বলে আরো ৪৬ রান যোগ করে তারা। এরকম ব্যাটিং তোপের মুখে ১০ ওভারে ৪৮ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া অফস্পিনার নাঈম ইসলামকেই সফল বলতে হয়। কারণ ৩ উইকেট পেলেও গাজীর পেসার রুবেল হোসেন ৯ ওভারে দিয়েছেন ৭৪ রান। বাঁ হাতি স্পিনার এনামুল ২ উইকেট পেয়েছেন তবে ৯ ওভারে খরচ ৬৬ রান। জবাব দিতে নেমে শুরুতেই বেশ বড় ধাক্কা খায় গাজী। এই লিগে দুই ওপেনারের কাছ থেকেই তারা ধারাবাহিকভাবে রান পেয়েছে। কিন্তু এদিন স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ইমরুল কায়েস ও মিথুন আউট। ১৫ রানে যেতেই নাফিস ইকবালও (১৩) সাজঘরে ফেরেন। সেখান থেকে ভারতীয় খেলোয়াড় প্রভঞ্জন মল্লিককে (৩৮) নিয়ে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় এড়ালেও গাজীর আশা শেষ হয়ে যায় দলকে ১৩৫ রানে রেখে আশরাফুলও আউট হওয়ায়। আশরাফুল ৭৯ বলে ৭ বাউন্ডারিতে ৬৯ রান করে আবাহনী অধিনায়ক ও জাতীয় দলে তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজার (২/৫৩) শিকারে পরিণত হওয়ার পর নাঈম (৪৬*) ও মুক্তার আলীরা (৩৯*) হারের ব্যবধানই কমিয়েছেন শুধু। ম্যান অফ দি ম্যাচ? একাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া তামিম ছাড়া আর কে! ফতুল্লায় টস জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডানের ইনিংসে কোনো ফিফটি নেই। তুবও ভালো যে আট নাম্বারে ব্যাট করতে নামা অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ'র সর্বোচ্চ অপরাজিত ৪১ রানের ইনিংসে ৯ উইকেটে ২১০ রান তুলতে পারে তারা। জবাব দিতে নামা সূর্যতরুণকে হার এক পর্যায়ে বেশ চোখ রাঙ্গাচ্ছিল। ১৭৮ রানে ৭ উইকেট হারানোর পর অবশ্য অধিনায়ক মাসুদ দলের হাল ধরে রাখেন। এবং তার অপরাজিত ৬৬ রানের ইনিংস ৮ বল বাকি থাকতেই জয় এনে দেওয়ায় তিনিই হয়েছেন ম্যাচের সেরা। তাই হান্নান সরকারের ৪৯ রানের ইনিংসটিকেও দিনের শেষে খুব কার্যকর বলে ধরতে হচ্ছে। বিকেএসপিতে বিমানকে ৯ উইকেটে ২৪১ রানে পৌছে দেয় জাভেদ ওমরের ৬৬ আর পাকিস্তানি রিক্রুট জাহিদ নিয়াজের ৫৯ রানের ইনিংস। তবে জাভেদ ৬৬ রান করতে ১১০ বল না লাগালে অবশ্যই তাদের সংগ্রহ আরো বেশি হত। এরপর তারিক আহমেদের ব্যাটিংয়ে বেশ ভালো জবাব দিচ্ছিল পারটেক্সও। তিনি ৭৬ রান করে আউট হয়ে গেলেও ম্যাচ একপেশে হয়ে যায়নি। তবে শেষ ৫ ওভারে ৪৫ রানের সমীকরণ তাদের মেলানো হয়নি। ৯ উইকেটে ২৩৪ রান তুলতে পারে তারা। চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৬২ বলে ৫৯ রানের ইনিংস আর একটা উইকেটও নেওয়ায় ম্যান অফ দি ম্যাচ হয়েছেন জাহিদ নিয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.