২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের আইপিএল হবে দক্ষিণ আফ্রিকায়

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। মঙ্গলবার জোহানেসবার্গে আইপিএল কমিশনার ললিত মোদি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার মধ্যে বৈঠকশেষে এই সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মুম্বাই, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। মঙ্গলবার জোহানেসবার্গে আইপিএল কমিশনার ললিত মোদি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার মধ্যে বৈঠকশেষে এই সিদ্ধান্ত হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে আকর্ষণীয় টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটির সময়সূচী মিলে যাওয়ায় সে দেশের সরকারের পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়। তাই গত রোববার আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল ভারতের বাইরে এবারের আসর বসতে যাচ্ছে। সেই সঙ্গে সম্ভাব্য আয়োজক হিসাবে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার কথাও জানিয়েছিল তারা। তবে ইংল্যান্ডের বড় সমস্যা এপ্রিল-মে মাসে সেখানকার বৈরী আবহাওয়া। তাছাড়া সেখানে অন্যান্য সমস্যাও আছে। তাই দক্ষিণ আফ্রিকার দিকে সম্ভাবনার পাল্লা ঝুঁকে পড়েছিল। শেষ পর্যন্ত প্রোটিয়াদের দেশেই বসতে যাচ্ছে আইপিএল-এর দ্বিতীয় আসর। সবকিছু ঠিকঠাক থাকলে প্রাথমিক সূচীর চেয়ে এক সপ্তাহ পিছিয়ে ১৮ এপ্রিল থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ভেন্যু হিসাবে আলোচনায় উঠে এসেছে জোহানেসবার্গ, ডারবান, সেঞ্চুরিয়ন, পোর্ট এলিজাবেথ, ইস্ট লন্ডন ও কেপটাউনের নাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১০২ঘ.