২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসজে'র চমক জাগানো পুরষ্কার বিতরণী

মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজাকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সাকিব আল হাসান। সঙ্গে অনেক সাবেক ও বর্তমান জাতীয় ক্রিকেটারই শুধু ছিলেন না, ছিলেন অন্য খেলার তারকা এবং সংগঠকরাও। সুবাদে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার অলরাউন্ডারের একুশতম জন্মদিনে ক্রীড়াঙ্গনের এক মিলনমেলাই বসে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজাকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সাকিব আল হাসান। সঙ্গে অনেক সাবেক ও বর্তমান জাতীয় ক্রিকেটারই শুধু ছিলেন না, ছিলেন অন্য খেলার তারকা এবং সংগঠকরাও। সুবাদে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার অলরাউন্ডারের একুশতম জন্মদিনে ক্রীড়াঙ্গনের এক মিলনমেলাই বসে গেল। তবে এমন নয় যে ঘটা করে এটা আয়োজনের কথা ছিল। এটা আসলে কুল-বিএসজেএ পুরস্কার প্রদান অনুষ্ঠানের শেষাংশের চমক। যে চমকে চমকিত ২০০৮ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া সাকিবও। মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ার মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সে কথা বললেনও গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তোলার নায়ক, "এই অনুষ্ঠানে আসার আগে জানতাম যে একটা পুরস্কার পাবো। কিন্তু এরকম জন্মদিন পালন একেবারেই অপ্রত্যাশিত।" সাকিব পুরস্কার নেওয়ার আগেই ২০০৮ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি। যা ফেলে আসা বছরটিতে তাদের কৃতিত্বের কথা মনে করিয়েছে বারবার। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেশ কয়েক বছরের পুরনো অনেক কীর্তিগাঁথা স্মরণ করেও শিহরিত হতে হয়েছে সবাইকে। কারণ ১৯৭৯ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার প্রদানে নানা কারণে লম্বা একটা বিরতি পড়েছিল। যেজন্য ২০০২-২০০৮ পর্যন্ত সব পুরস্কার এদিন একবারে দিল তারা। তাই ২০০৮ সালে তেমন কিছু না করা সত্ত্বেও দুবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে মঞ্চে উঠলেন আশরাফুল। একবার ২০০৪ এর জন্য, যে বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের আগ্রাসী এক ইনিংস খেলেছিলেন। ২০০৭ এর বর্ষসেরা ক্রিকেটারও তিনিই। ওই বছর যে ওয়েষ্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে তার ৮৭ রানের ইনিংসে ওয়ানডেতে তখনকার এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকাকেও হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। মাঝে ২০০৫ সালের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন কারণ তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ওই বছর কার্ডিফে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি বধ করেছিল বাংলাদেশ। একাধিক পুরস্কার নিয়ে শেষে দুয়েকটা খুঁজেও পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক! বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার যে শুধু ক্রিকেটাররাই ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন তা নয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে দেওয়া সাত বছরের পুরস্কারের প্রথম বছর ২০০২ এর সেরা খেলোয়াড়ের পুরস্কার যেমন পেয়েছেন শুটার আসিফ হোসেন খান। সেবছর ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকা তো তিনিই উড়িয়েছিলেন। যার অধিনায়কত্বে ঢাকায় প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই রজনী কান্ত বর্মন হয়েছেন ২০০৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ। ২০০৬ এ কলম্বো সাউথ এশিয়ান গেমস (এসএ) সাঁতারে বাংলাদেশকে সোনা এনে দেওয়া শাহজাহান আলী রনি হয়েছেন ওই বছরের বর্ষসেরা। ২০০৫ এর বর্ষসেরা বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশার অবশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর কাছ থেকে পুরস্কার নিয়েছেন অন্যান্য খেলার খেলোয়াড়, নানাসময়ে ক্রীড়াঙ্গনে অবদান রাখা সংগঠক ও পৃষ্ঠপোষকেরাও। আজীবন সন্মাননাও পেয়েছেন অনেকে। যাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, এনায়েত, বাদল রায়, আহমেদ সাজ্জাদুল আলম ববি, মোনেম মুন্না (মরণোত্তর), সাদেক হোসেন খোকা, দুলু আফেন্দি, মাহমুদুল হক মানু (মরণোত্তর) এবং তানভীর হায়দার (মরণোত্তর) অন্যতম। সাত বছরের পুরস্কার একবারে দিতে গিয়ে গতানুগতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানই হয়ে উঠছিল এটা। তবে সাকিবের জন্মদিন পালনের চমকটা না থাকলে হয়তো শেষপর্যন্ত তা-ই হত! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.