ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স সাদামাটা। প্রথম পর্ব শেষে অধিনায়ক আশরাফুল আছেন সেরা ব্যাটসম্যানদের তালিকার ৩৬ নম্বরে। কেন? মাসুদ পারভেজকে দেয়া সাক্ষাৎকারে আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান সিরিজ না হওয়ায় ঘরোয়া ক্রিকেটে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেলেন। এর ভালো দিকও নিশ্চয়ই কিছু আছে।
মোহাম্মদ আশরাফুল : সামনে আইপিএল খেলতে দক্ষিণ আফ্রিকায় যাব। তার আগে প্রিমিয়ার লিগটা শেষ করে যেতে পারবো। পাকিস্তান সিরিজ না হওয়ায় কিছু আন্তর্জাতিক ম্যাচ মিস করার দুঃখ তো আছেই। তবে ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলতে পারারও একটা ভালো দিক আছে। বিশেষ করে ক্লাবগুলোর দৃষ্টিকোণ থেকে। পুরো লিগেই তারা জাতীয় দলের ক্রিকেটারদের সার্ভিসটা পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : সত্যিই কী ক্লাবগুলো তাদের সার্ভিস পাচ্ছে!
মোহাম্মদ আশরাফুল : জাতীয় দলের খেলোয়াড়রা পারফরম করেনি বলবেন তো? আমি অন্তত এই দাবির সঙ্গে একমত নই। এই যে আবাহনী এখন শীর্ষে আছে, এর পেছনে জাতীয় ক্রিকেটারদের ভূমিকা কী নেই? মাশরাফি দুর্দান্ত পারফরম করেছে। তামিমও ভালো খেলেছে। এদের বাইরে জাতীয় দলের যারা বিভিন্ন দলে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কমবেশি সবাই কিছু না কিছু করেছে। হ্যাঁ, এটা মানছি ওদের কাছে যতোটুকু প্রত্যাশা ছিল ততোটা দিতে পারেনি। তবে খারাপ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : প্রশ্নটা যদি এমন হয় যে মোহাম্মদ আশরাফুল তার দল গাজী ট্যাঙ্ককে কতোটা সার্ভিস দিতে পেরেছেন?
মোহাম্মদ আশরাফুল : আবাহনীর বিপক্ষে (প্রথম পর্বে) মোহাম্মদ আশরাফুল ৩৬ নটআউট ছিল, দল জিতেছিল। ভিক্টোরিয়ার সঙ্গে তার ইনিংসটা একশো নটআউট। ডিওএইচএস ম্যাচে ৪২ রান করে রানআউট হয়েছে। আমি বলবো, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে সে তার দলকে জেতানোর চিন্তাই বেশি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : প্রথম পর্ব শেষের পরিসংখ্যানে ব্যাটসম্যানদের তালিকায় আপনার নাম ৩৬ নাম্বারে। নিশ্চয়ই বলবেন না, এটা আপনার নামের সঙ্গে মানানসই।
মোহাম্মদ আশরাফুল : না, সে কথা অবশ্যই বলবো না। তালিকায় আমার নামটা আরো অনেক ওপরে থাকলে ভালো হত। আমাদের দলটাও ভালো। এটা বলতে পারি, আমি সবসময়ই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। নিজের রানের জন্য যদি খেলতাম, তাহলে নিশ্চিত আরো অনেক রানই করতাম। কিন্তু দলকে তো জেতাতে হবে। এই মুহূর্তে সিসিএসের বিপক্ষে ম্যাচটার কথা মনে পড়ছে। জিততে হলে ৯০ বলে আমাদের দেড়শো রান দরকার। ওই অবস্থায় আমি পাওয়ার প্লে নিলাম। অবশ্য ২১ রান করে আউট হয়ে গিয়েছিলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার দীর্ঘ অভিজ্ঞতায় ঘরোয়া ক্রিকেটে এধরনের পরিস্থিতি তো আপনাদের আরো ভালো সামাল দিতে পারার কথা।
মোহাম্মদ আশরাফুল : মানছি যে লোকাল ক্রিকেটে আমাদের আরো বেশি করে পারা উচিত। কিন্তু না পারলে কী করার আছে! তবে লোকাল ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় আমাদের ওপর চাপটাও বেশিই থাকে। এটাকে আমি বলবো আমাদের নামের কারণে তৈরি হওয়া চাপ। সবাই ভাবে, অমুক দলে অমুকে আছে এবং সে একা একা ম্যাচ জিতিয়ে দেবে। এই ধরুন রকিবুলের কথাই। মোহামেডানে তো একা খেলেনি। আরো অনেকেই খেলেছে। পুরো টিমটা খারাপ খেলেছে বলেই আজকে মোহামেডান বাজে অবস্থায় আছে। ওই যে বললাম নাম! এজন্য রকিবুলের ওপরই সবার দৃষ্টিটা পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : আপনি নিজেও অনেকবার কথাটা বলেছেন। প্রতিবার নির্বাচকরা দল দেওয়ার পর "সম্ভাব্য সেরা দল''। পাকিস্তান সিরিজটা হলে হয়তো দলে যারা ছিলেন তারাই থাকতেন। কারণ নির্বাচকরা তো প্রায়ই বলেন ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেট এক নয়। এজন্যই তারা ঘরোয়ার ভালো পারফরমারদের সহজে সুযোগ দিতে চান না। সেক্ষেত্রে কি আপনি বলতে পারতেন এটাও সম্ভাব্য সেরা দল?
কারণ যতো যাই বলুন জাতীয় ব্যাটসম্যানরা তো খুব সফল নন।
মোহাম্মদ আশরাফুল : ওইভাবে চিন্তা করি না। রকিবুলের কথাই ধরুন। ও খুব খারাপ খেলেও দলে আছে বলার সুযোগ নেই। কারণ এই লিগেই ও একটা সেঞ্চুরি করেছে। আমারও একটা সেঞ্চুরি আছে। মাত্র ৭২ বলে করা। তাছাড়া ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেট আসলেও আলাদা। সেখানে সুযোগ-সুবিধা অনেক বেশি। উইকেট-টুইকেট খুব ভালো পাওয়া যায়। জয়াসুরিয়ার কথা চিন্তা করুন। এখানে এসে একটা নয়, চার-চারটা ম্যাচ খেলেছে। কিন্তু একটাও ফিফটি নেই। এ থেকে কী আপনি সিদ্ধান্তে পৌছে যাবেন যে আন্তর্জাতিক ক্রিকেটে ও ভালো করবে না। সেখানে গিয়ে দেখবেন ঠিকই একশো-দেড়শো মেরে দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24