২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে আবাহনী

ফুটবলের শোধ ক্রিকেটে নিলেন কিনা প্রশ্নটা শুনে হেসেই খুন মাশরাফি বিন মর্তুজা, "আরে না, সেরকম কিছুই না।" কোটি টাকার ফুটবল আসরে চূড়ান্ত সাফল্য ধরা দেয়নি বটে, তবে প্রিমিয়ার ক্রিকেটে টানা তৃতীয় শিরোপার দিকে আরো একধাপ এগোনোর পথে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ব্যাট হাতেই খুন করেছেন আবাহনী অধিনায়ক। নিজেই বলেছেন, "আমাদের টার্গেট ছিল ২৬০-৭০ রান করা।" সেই টার্গেটও পেরিয়ে গেছে আবাহনী মাশরাফির কল্যাণে। তার ৪টি চার ও ৭টি ছক্কায় মাত্র ৩৩ বলে অপরাজিত ৬৯ রানের বিধ্বংসী ইনিংস আবাহনীকে নিয়ে যায় ৫ উইকেটে ৩০৫ রানের পাহাড়ে। যার নীচে চাপা পড়ে দিনের শেষে ১২২ রানের হার মোহামেডানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফুটবলের শোধ ক্রিকেটে নিলেন কিনা প্রশ্নটা শুনে হেসেই খুন মাশরাফি বিন মর্তুজা, "আরে না, সেরকম কিছুই না।" কোটি টাকার ফুটবল আসরে চূড়ান্ত সাফল্য ধরা দেয়নি বটে, তবে প্রিমিয়ার ক্রিকেটে টানা তৃতীয় শিরোপার দিকে আরো একধাপ এগোনোর পথে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ব্যাট হাতেই খুন করেছেন আবাহনী অধিনায়ক। নিজেই বলেছেন, "আমাদের টার্গেট ছিল ২৬০-৭০ রান করা।" সেই টার্গেটও পেরিয়ে গেছে আবাহনী মাশরাফির কল্যাণে। তার ৪টি চার ও ৭টি ছক্কায় মাত্র ৩৩ বলে অপরাজিত ৬৯ রানের বিধ্বংসী ইনিংস আবাহনীকে নিয়ে যায় ৫ উইকেটে ৩০৫ রানের পাহাড়ে। যার নীচে চাপা পড়ে দিনের শেষে ১২২ রানের হার মোহামেডানের। সুপার লিগে হেরেছে শিরোপা লড়াইয়ে আবাহনীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমানও। এবং সেই সঙ্গে শিরোপা-দৌড় থেকেও ছিটকে পড়েছে তারা। শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে বিমানের বিপক্ষে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ১৮ রানে জিতলেও বিকেএসপিতে পারটেক্স হারাতে পারেনি সূর্যতরুণকে। ৫ উইকেটের জয় দিয়ে এখন সূর্যতরুণ আবাহনীর ঠিক পেছনেই । ৩১ মার্চ সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে সূর্যতরুণের (২০ পয়েন্ট) বিপক্ষে বিমান (১৮ পয়েন্ট) জিতলে এবং আবাহনী পারটেক্সকে হারালে সেদিনই বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। কারণ তাহলে ২৬ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীকে আর কারো পক্ষেই ধরা সম্ভব হবে না। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনীকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে ওপেনার ইমরান আহমেদ (৮৯) এবং ভারতীয় খেলোয়াড় রেশমি রঞ্জনের (৭৭) ১৩২ রানের তৃতীয় উইকেট জুটি। এরপর মাশরাফি-ঝড়ে লন্ডভন্ড হয়েছে মোহামেডানের বোলিং। সেই ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি গেছে রাশেদুল হক সুমন এবং মোহামেডান অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর ওপর দিয়ে। বাঁ হাতি স্পিনার শুভর এক ওভার থেকে ২২ রান নিয়েছেন মাশরাফি। আর অফস্পিনার সুমনের করা শেষ ওভার থেকে এসেছে ২৭ রান। ৭ ছক্কার তিনটিতে বল গ্যালারিতে নিয়েও আছড়ে ফেলেছেন জাতীয় দলের সহ-অধিনায়ক। জবাব দিতে নামা মোহামেডান নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। ব্যতিক্রম ছিলেন কেবল শামসুর রহমান শুভ। ঝড়ো গতির ইনিংস খেলছিলেন তিনিও। সুবাদে ২৭ ওভারে ১৫৩ রানও স্কোরবোর্ডে জমা হয়ে গিয়েছিল। যথেষ্ট ভালো রান রেট, তবে ততক্ষণে ৬ উইকেট হারিয়ে ফেলাই বোধহয় শামসুরের মনোসংযোগে ব্যাঘাত ঘটিয়ে থাকবে। তাই মাশরাফির অফস্পিনে রিটার্ন ক্যাচ দিয়ে সেঞ্চুরি না পাওয়ার আফসোসেও পুড়তে হয়েছে মাত্র ৮০ বলে ১০টি চার ও তিন ছক্কায় ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলা শামসুর। তার আউটের পর মোহামেডানের ইনিংসও আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৬.৪ ওভারে ১৮৩ রানেই তারা অলআউট। শামসুরের ৯৭ রানের পর নাদিমউদ্দিন মিন্টুর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস মাত্র ২২ রানের! আবাহনীর পেসার শাহাদাত হোসেন ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন। তবে বিধ্বংসী ইনিংসের সঙ্গে অফস্পিনে ২০ রানে ২ উইকেট নেওয়ায় মাশরাফির ম্যাচ সেরা হওয়াটা অবধারিতই ছিল। সনাৎ জয়াসুরিয়া থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল --- 'অফস্পিনার' মাশরাফির শিকারের তালিকায় বেশ বেশ বড় বড় নামই উঠে আসছে! দিনের অন্য ম্যাচ দুটোও ছিল হাইস্কোরিং। ফতুল্লায় ইমরুল কায়েস (৩২) ও মোহাম্মদ মিথুন (৪৩) ৭৬ রানের দারুণ সূচনা দেওয়ার পর অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের (৫০ বলে ৬১) দ্রুতগতির ও ম্যান অব দি ম্যাচ নাঈম ইসলামের (৮২ বলে ৮৩) দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। বিমানের জবাবটাও খারাপ হচ্ছিল না । ওপেনার জহুরুল ইসলাম ৭৯ রান করে আউট হয়ে গেলেও অধিনায়ক সানোয়ার হোসেন (৩৮), মুশফিকুর রহমান (৫৭) ও মাহবুবুল আলম (২৯) জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন তাদের। কিন্তু তিনজনেই রানআউটের খাঁড়ায় কাটা পড়ায় ৪৯.৩ ওভারে ২৮৩ রানে থেমে যেতে হয় বিমানকে। বিকেএসপিতে স্পিনার সাব্বির রহমানের (৫/৫৪) ঘূর্ণির পরও ওপেনার শফিউল আলমের (৬৪) ও অধিনায়ক মুশফিকুর রহিমের ৪৩ রানে সূর্যতরুণের বিপক্ষে ৯ উইকেটে ২৫৭ রান তোলে পারটেক্স। জবাবে ১৩ বল বাকি থাকতেই সূর্যতরুণ জয় তুলে নেয় হান্নান সরকার (৭০) ও আনিসুর রহমানের (৫১*) ফিফটিতে। যদিও ম্যাচ সেরা হয়েছেন ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো সাব্বির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০২ঘ.