২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরের সেঞ্চুরি আর দ্রাবিড়-টেন্ডুলকারের দৃঢ়তায় ম্যাচ বাঁচানোর আশা ভারতের

গৌতম গম্ভীরের সেঞ্চুরি আর রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের ফিফটিতে প্রথম তিন দিনের হতাশা কাটিয়ে অনেকখানি স্বস্তিতে ভারত। রোববার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনশেষে এই তিন জনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে ফলোঅন করতে নামা ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। ৯ উইকেটে ৬১৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ৬২ রানে পিছিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

নেপিয়ার, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৌতম গম্ভীরের সেঞ্চুরি আর রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের ফিফটিতে প্রথম তিন দিনের হতাশা কাটিয়ে অনেকখানি স্বস্তিতে ভারত। রোববার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনশেষে এই তিন জনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে ফলোঅন করতে নামা ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। ৯ উইকেটে ৬১৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ৬২ রানে পিছিয়ে আছে তারা। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ১ উইকেটে ৪৭ রান নিয়ে শুরু করা ভারত রোববার পুরো দিনটাই ব্যাট করেছে ধীরগতিতে। সারা দিনে ৯০ ওভারে মাত্র ২০৫ রান ওঠাতেই তা প্রমাণিত। অবশ্য ম্যাচটা ড্র করে সিরিজে অগ্রগামিতা ধরে রাখার জন্য এমন ব্যাটিংই দরকার। সেই দরকারি কাজে সফরকারীদের পথ দেখিয়েছেন ঐ তিন জন। সারা দিনে একটাই উইকেট পড়েছে, দ্রাবিড়ের। যদিও সিদ্ধান্তটা ছিল বিতর্কিত। কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বল ফ্রন্টফুটে খেলেছিলেন দ্রাবিড়। শর্ট লেগে থাকা জেমি হাউয়ের হাতে বল যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্বরে আবেদন করেন নিউজিল্যান্ডের ফিল্ডাররা। আম্পায়ার ইয়ান অরচার্ডও আঙ্গুল তুলে মৃত্যুঘন্টা বাজিয়ে দেন দ্রাবিড়ের। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাট কিংবা গ্লাভসে নয়, সামনের প্যাডে লেগেছিল। সিদ্ধান্তটা ৬২ রান করা দ্রাবিড়কেও হতাশ করেছে ভীষণ। প্রায় চার ঘন্টা স্থায়ী গম্ভীর-দ্রাবিড়ের ১৩৩ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর উল্টো হতাশা গ্রাস করেছে স্বাগতিকদের। কারণ গম্ভীর আর টেন্ডুলকারের দৃঢ়তা। গম্ভীরের পঞ্চম টেস্ট সেঞ্চুরির পথটা অবশ্য মসৃণ ছিল না। চা-বিরতির পর ৮৩ রানে প্রায় ঘন্টাখানেক আটকে ছিলেন তিনি। শেষ পর্যন্ত মুখোমুখি হওয়া ২৬৫তম বলে মিডঅন দিয়ে চতুর্দশ বাউন্ডারি মেরে পৌঁছে গেছেন 'ম্যাজিক ফিগারে'। দিনশেষে দিল্লীর বাঁহাতি ওপেনার ১০২ রানে অপরাজিত। অন্যপ্রান্তে ৫২তম টেস্ট ফিফটি পাওয়া টেন্ডুলকার ব্যাট করছেন ৫৮ রান নিয়ে। টেস্ট-ওয়ানডের সফলতম ব্যাটসম্যানের ১১৩ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি ছাড়াও আছে ও'ব্রায়েনকে মারা দারুণ এক ছক্কা। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ৬১৯/৯ ডিক্লে. (রাইডার ২০১, টেলর ১৫১, ম্যাককালাম ১১৫; ইশান্ত ৩/৯৫) ভারত : ৩০৫ (দ্রাবিড় ৮৩, লক্ষ্মণ ৭৬; মার্টিন ৩/৮৯) ও ২৫২/২ (গম্ভীর ১০২*, দ্রাবিড় ৬২, টেন্ডুলকার ৫৮*; ভেট্টোরি ১/৪৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪৫ঘ.