করাচি, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদত্যাগপত্র দিয়েছিলেন মাস দুয়েক আগে। কিন্তু সেটা গ্রহণ না করায় পিসিবির ক্রিকেট বিষয়ক মহাপরিচালক পদেই রইলেন জাভেদ মিয়াঁদাদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের। চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারা এবং কাজের ক্ষেত্রে বাধা পাওয়ায় সরে দাঁড়াতেই চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পাল্টানোর কথা জানিয়ে মিয়াঁদাদের মন্তব্য, "আমি (পিসিবি) চেয়ারম্যান এজাজ বাটের সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন যে তিনি আমার পদত্যাগপত্র গ্রহণ করেননি। এবং আমার উচিৎ ক্রিকেট বিষয়ক মহাপরিচালক হিসাবে কাজ শুরু করা।" পাকিস্তানের সাবেক অধিনায়ক তার পরবর্তী লক্ষ্য সম্পর্কে বলেছেন, "পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য এখন আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পাকিস্তান ক্রিকেট বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। তাদের মধ্যে সবচেয়ে বড় হলো নিরাপত্তার কারণে কোনো বিদেশী দলের আমাদের দেশে সফর প্রত্যাখান করার সময় আইসিসি এবং অন্য দেশগুলোর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া নিশ্চিত করা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24