ওয়েলিংটন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিপক্ষে শেষ টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ফিরেছেন টিম সাউদি এবং ড্যানিয়েল ফ্লিন। নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে থাকা এগারো জনের সঙ্গে এই দুজনের নাম যোগ করে মঙ্গলবার ১৩ জনের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
শুক্রবার থেকে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে এই ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ওয়েলিংটনে না হারলে ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতবে তারা।
টপ অর্ডার ব্যাটসম্যান ফ্লিন হ্যামিল্টনে প্রথম টেস্টে হাফসেঞ্চুরি করেছিলেন, কিন্তু ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। আর সাউদি গত মাসে দুদলের মধ্যকার ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১০ ওভারে ১০৫ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ার পর বাদ পড়েছিলেন দল থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬১০ ঘ.
bdnews24