ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১১ ম্যাচের সবগুলোতেই হেরে প্রিমিয়ার থেকে সিটি ক্লাবের প্রথম বিভাগে অবনমন নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার রেলিগেশন লিগের প্রথম ম্যাচেও হেরেছে তারা। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের ৪ উইকেটে হারিয়ে অবনমন এড়ানোর পথে আপাতত একধাপ এগিয়ে গেছে ভিক্টোরিয়া। প্রথম পর্ব থেকে নিয়ে আসা পয়েন্টের সঙ্গে এদিনের জয়ে তাদের সংগ্রহ এখন ৮। এখনো রেলিগশেন লিগে কোনো ম্যাচ না খেলা ইয়াং পেগাসাসের ৫। সিটির সঙ্গে এই দুটো দলের একটা আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলবে।
এদিনের ম্যাচটা ছিল লো-স্কোরিং। ওয়াসকুরুনি পলাশ (৩/৫২) ও আকিল আরশাদের (৩/৬) বোলিংয়ে ২৬.২ ওভারে মাত্র ১১৬ রানেই সিটিকে অলআউট করে দেয় ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে ২২.৩ ওভারে জয় তুলে নিলেও ৬ উইকেট হারাতে হয় তাদের। বোলিংয়ের পর ব্যাটিংয়েও তাদের সফলতম আকিল (২৭ রান) হয়েছেন ম্যান অফ দি ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24