২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রীলঙ্কান ক্রিকেটারদের কারো আঘাতই গুরুতর নয়'

পাকিস্তানে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শ্রীলঙ্কা ক্রিকেট দলের কারো আঘাতই গুরুতর কিছু নয়। শুরুতে সামারাবীরা বুকে গুলি খেয়েছেন বলে শোনা গেলেও শ্রীলঙ্কা দল এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের কারো ইনজুরিই গুরুতর কিছু নয়। সবাই ঝুঁকিমুক্ত। এখন তারা অপেক্ষা করছেন মঙ্গলবার দিনের মধ্যেই শ্রীলঙ্কা ফিরে যাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 08:34 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- পাকিস্তানে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শ্রীলঙ্কা ক্রিকেট দলের কারো আঘাতই গুরুতর কিছু নয়। শুরুতে সামারাবীরা বুকে গুলি খেয়েছেন বলে শোনা গেলেও শ্রীলঙ্কা দল এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের কারো ইনজুরিই গুরুতর কিছু নয়। সবাই ঝুঁকিমুক্ত। এখন তারা অপেক্ষা করছেন মঙ্গলবার দিনের মধ্যেই শ্রীলঙ্কা ফিরে যাওয়ার। ''দলের খেলোয়াড়দের কারো ইনজুরিই গুরুতর নয়। আমি কুমারের (সাঙ্গাকারা) সঙ্গে কথা বলেছি। তারা সবাই ভালো আছে''-- ভারতীয় টিভি চ্যানেল সিএনএন-আইবিএনকে বলেছেন সাবেক অধিনায়ক জয়াসুরিয়া। টেস্ট দলে না থাকায় জয়াসুরিয়া আগেই ফিরে গেছেন কলম্বো। আক্রমণের খবর শুনেই তিনি কথা বলেছেন দলের সঙ্গে। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে শ্রীলঙ্কান খেলোয়াড়দের নিরাপদ থাকার কথা। পাঞ্জাব প্রদেশের (খেলার ভেন্যু লাহোর পাঞ্জাব প্রদেশের রাজধানী) গভর্নর সালমান তাশির একই ভারতীয় চ্যানেলকে নিশ্চিত করে বলেছেন, ''দলের খেলোয়াড়দের সঙ্গে আমার কথা হয়েছে। তারা ভালো আছে।'' তার কাছ থেকেই জানা গেছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের শীঘ্রই হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে পাকিস্তান বিমানবাহিনীর একটা ঘাঁটিতে এবং সেখান থেকে মঙ্গলবার দিনের মধ্যেই তারা রওনা হবে কলম্বোর পথে। আক্রমণের পর থেকেই শ্রীলঙ্কা দল অবস্থান করছে গাদ্দাফি স্টেডিয়ামে। তবে কাতারভিত্তিক আল জাজিরা টিভি বলছে, দুই জন খেলোয়াড় হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার সকালে পাকিস্তান সফররত শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। দুই দলের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে তাদের গাড়িবহরে এ হামলা হয়। এতে শ্রীলঙ্কা দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবীরা, চামিন্ডা ভাস, অজন্তা মেন্ডিস আহত হয়েছেন বলে জানা গিয়েছিল প্রাথমিক খবরে। গোলাগুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম। হামলার কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কা দলের চলমান দ্বিতীয় টেস্ট বাতিল করা হয়েছে। পাকিস্তান দলের শ্রীলঙ্কা সফরও বাতিল ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলায় মুখোশ পরা ১২ জন বন্দুকধারী অংশ নেয় এবং তাদের হাতে ছিল গ্রেনেড ও রকেট লঞ্চার। এক হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লাহোর পুলিশ। বিডিনিউজ ২৪ ডটকম/এজে/জিএনএ/১৪২০ঘ.