২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার অনেক জবাব দেয়া এক জয়

পার্থের সুখস্মৃতি জোহানেসবার্গে ফিরিয়ে আনতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বরে পার্থে চতুর্থ ইনিংসে ৪১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই ৬ উইকেটের জয় পেয়েছিল প্রোটিয়ারা। কিন্তু ঘরের মাঠে সেই গ্রায়েম স্মিথের দলই ৪৫৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ। সোমবার প্রথম টেস্টের শেষ দিনে চা-বিরতির কিছুক্ষণ পর তারা অলআউট হয়ে গেছে ২৯১ রানে। ১৬২ রানের সহজ জয়ের সুবাদে তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

জোহানেসবার্গ, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্থের সুখস্মৃতি জোহানেসবার্গে ফিরিয়ে আনতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বরে পার্থে চতুর্থ ইনিংসে ৪১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই ৬ উইকেটের জয় পেয়েছিল প্রোটিয়ারা। কিন্তু ঘরের মাঠে সেই গ্রায়েম স্মিথের দলই ৪৫৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ। সোমবার প্রথম টেস্টের শেষ দিনে চা-বিরতির কিছুক্ষণ পর তারা অলআউট হয়ে গেছে ২৯১ রানে। ১৬২ রানের সহজ জয়ের সুবাদে তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া এখন ১-০ ব্যবধানে এগিয়ে। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। প্রায় ৬ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৪১৮ রান করে রেকর্ডটা গড়েছিল ক্যারিবীয়রা। অর্থাৎ নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে জিততে হলে ইতিহাস গড়তে হতো দক্ষিণ আফ্রিকানদের। কিন্তু ২ উইকেটে ১৭৮ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা অস্ট্রেলিয়ার পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। সোমবার পিটার সিডলের মাধ্যমে অস্ট্রেলিয়ার জয়ের পথে এগিয়ে যাওয়ার সূচনা। চতুর্থ দিনশেষে ৪৩ রানে অপরাজিত থাকা হাশিম আমলাকে মিডউইকেটে ক্যাচ দিতে বাধ্য করেছেন সিডল। ৫৭ রান করে আমলা ফিরে যাওয়ার সময় প্রোটিয়াদের স্কোর ছিল ৩ উইকেটে ২০৬ রান। তখনো আশার আলো হয়ে জ্বলছিলেন ২৬ রান নিয়ে দিন শুরু করা জ্যাক ক্যালিস। কিন্তু দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতম ব্যাটসম্যান দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। এই টেস্টেই দশ হাজার রানের মাইলফলক ছোঁয়া ক্যালিসকে (৪৫) বোল্ড করেছেন মিচেল জনসন। তার আগেই অবশ্য প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স (৩) এলবিডব্লুর ফাঁদে পড়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের বলে। মধ্যাহ্ন-বিরতির সময় এই তিন জনকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৪৭ রান। তবে অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত খেলা জেপি ডুমিনি ছিলেন বলে আশায় বুক বাঁধতে পারছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মার্ক বাউচারের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৯ রানের জুটি গড়া ডুমিনি (২৯) প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি। তাকে রিকি পন্টিংয়ের ক্যাচ বানিয়ে অস্ট্রেলীয়দের আবার উল্লাসে ভাসিয়েছেন সিডল। এরপর বাউচার (২৪) ছাড়া আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। শেষ ব্যাটসম্যান ডেল স্টেইনকে (৬) বোল্ড করে অস্ট্রেলিয়াকে মধুর এক জয় এনে দিয়েছেন জনসন। প্রথম ইনিংসে অপরাজিত ৯৬ রানের পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়ার সুবাদে ম্যাচের সেরাও তিনি। জনসন ও সিডলের তোপে মাত্র ৮৫ রানে শেষ ৮ উইকেট হারিয়ে পরাজয় মেনে নিতে হয়েছে প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার কাছে ঠিক আগের সিরিজ হেরে যাওয়ায় টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর আশঙ্কার সামনে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া। তাদের শ্রেষ্ঠত্ব নিয়েও এখন ক্রিকেট দুনিয়ায় জোরালো গুঞ্জন। জোহানেসবার্গের এই জয় নিঃসন্দেহে সেই সব সন্দিহান ব্যক্তির জন্য পন্টিংয়ের দলের দাঁতভাঙ্গা জবাব! ডারবানে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার থেকে। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ৪৬৬ (নর্থ ১১৭, জনসন ৯৬*, পন্টিং ৮৩; স্টেইন ৪/১১৩, মরকেল ৩/১১৭) ও ২০৭ (হিউজ ৭৫, হ্যাডিন ৩৭; ক্যালিস ৩/২২, এনটিনি ৩/৫২) দক্ষিণ আফ্রিকা : ২২০ (ডি ভিলিয়ার্স ১০৪*, ম্যাকেঞ্জি ৩৬; জনসন ৪/২৫, সিডল ৩/৭৬) ও ২৯১ (স্মিথ ৬৯, আমলা ৫৭; জনসন ৪/১১২, সিডল ৩/৪৬) ফল : অস্ট্রেলিয়া ১৬২ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : মিচেল জনসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৭ঘ.