ঢাকা, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পিলখানা ট্র্যাজেডির কারণে থমকে যাওয়া ক্রীড়াঙ্গন আবার সচল হতে শুরু করেছে। তিনদিন স্থগিত থাকার পর সোমবার থেকে মাঠে গড়িয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। এদিন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যদিও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ২০৩ রান তাড়া করে জিততে বেশ ঘাম ঝরেছে তাদের। জয় মাত্র ২ উইকেটের। আর বিকেএসপি মাঠে দিনের অন্য ম্যাচে রেলিগেশনের শঙ্কায় থাকা দু'দলের লড়াইয়ে ইয়াং পেগাসাসকে ৫ উইকেটে হারিয়েছে পারটেক্স। এটি লিগে তাদের দ্বিতীয় জয়।
টস জিতে ব্যাটিংয়ে নামা পেগাসাস শুরুতে বেশ বিপদেই ছিল। ৩৩ রানে ৪ উইকেট খুঁইয়ে ফেলার পর টপ স্কোরার জুপিটার ঘোষ (৬৯) ও আবুল বাশারের (৪৮) ১০৭ রানের পঞ্চম উইকেট পার্টনারশিপ গড়ে বিপর্যয় সামাল দেওয়ার পাশাপাশি দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্নও দেখান। এরপর অবশ্য ১ রানের মধ্যে তারা দু'জনেই ফিরে গেলেও জুবায়ের আহমেদের ৩৩ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস নির্ধারিত ৫০ ওভার শেষে পেগাসাসকে ৭ উইকেটে ২১১ রানে নিয়ে যায়। পারটেক্সের পক্ষে সফলতম বোলার ছিলেন রেজাউল হক (৩/৩৬)। ২১১ রান তাড়া করতে নামার পর ৭১ রানের সূচনা পারটেক্সের জয়ের ভিত গড়ে দেয়। সেখান থেকে ম্যান অফ দি ম্যাচ তারিক আহমেদ (৬৮) ও রাশেদ হানিফের (৫০*) অপরাজিত ফিফটি ১৪ বল বাকি থাকতেই জয় এনে দেয় তাদের।
ফতুল্লায় সিসিএসের ওপেনার ইলিয়াস সানি যতোটা সফল, ততোটা নন অন্য ব্যাটসম্যানরা। যে কারণে ইলিয়াস ৭২ রান করলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রানের বেশি তুলতে পারেনি তারা। এক্ষেত্রে অবশ্য বিকেএসপির মমিনুল হকেরও দারুণ ভূমিকা। মাত্র ২৫ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। এজন্য পরে ম্যাচ সেরার পুরস্কারটিও পেয়েছেন তিনি। বিকেএসপির ব্যাটসম্যানরা অবশ্য তেমন বড় কোনো ইনিংস খেলেননি। তবুও ওপেনার সৌম্য সরকারের (৫৬) ফিফটি ও তানভীর হায়দারের ৩৭ রানে জয়ের তীরে পৌছে যায় বিকেএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.
bdnews24