২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স-ক্যালিসের সেঞ্চুরিতে বড় লিড দক্ষিণ আফ্রিকার

কোচ মিকি আর্থারের পছন্দের তালিকায় ছিলেন, তারপরও নির্বাচকদের কারণে প্রথম দু টেস্টে সুযোগ পাননি অ্যাশওয়েল প্রিন্স। তৃতীয় টেস্টে ফিরে এসে নির্বাচকদের দারুণ একটা জবাব দিয়েছেন তিনি। তার ১৫০ রানের পর ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যাক ক্যালিসেরও সেঞ্চুরিতে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন শেষে দারুণ অবস্থানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ২০৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪০৪ রান তুলে ফেলেছে তারা, এগিয়ে গেছে ১৯৫ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

কেপটাউন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচ মিকি আর্থারের পছন্দের তালিকায় ছিলেন, তারপরও নির্বাচকদের কারণে প্রথম দু টেস্টে সুযোগ পাননি অ্যাশওয়েল প্রিন্স। তৃতীয় টেস্টে ফিরে এসে নির্বাচকদের দারুণ একটা জবাব দিয়েছেন তিনি। তার ১৫০ রানের পর ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যাক ক্যালিসেরও সেঞ্চুরিতে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন শেষে দারুণ অবস্থানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ২০৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪০৪ রান তুলে ফেলেছে তারা, এগিয়ে গেছে ১৯৫ রানে। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে আগে খেলা দশ টেস্টের নটিতেই জিতলেও সিরিজ জিতে নেওয়ার পর খেলতে নামা এই টেস্টে জয়ের স্বপ্ন দেখা এখন প্রায় অসম্ভবই মনে হচ্ছে অস্ট্রেলিয়ানদের জন্য। নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ ইনজুরিতে না পড়লে হয়তো খেলাই হতো না এই ম্যাচ। তবে হঠাৎ পাওয়া সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন প্রিন্স। ২৪৯ বলে ১৯টি বাউন্ডারি আর দুটি ছক্কায় সাজানো তার ইনিংসটা শেষ হয়েছে নাটকীয়ভাবে। বেন হিলফেনহসের বলে তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন প্রথমে নাকচ করেই দিয়েছিলেন আম্পায়ার হিসেবে শেষ টেস্টে মাঠে নামা স্টিভ বাকনর। কিন্তু রিকি পন্টিং তা পুনর্বিবেচনার দাবি জানালে টিভি আম্পায়ার বিলি বাউডেন আউট ঘোষণা করেছেন তাকে। তৃতীয় উইকেটে তার সঙ্গে ১৬০ রানের জুটি গড়া ক্যালিস অবশ্য আউট হননি, ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি করার পর দিনশেষে তিনি অপরাজিত ছিলেন ১০২ রান নিয়ে। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া : ১ম ইনিংস ২০৯ (ক্যাটিচ ৫৫, হ্যাডিন ৪২; স্টেইন ৪/৫৬, হ্যারিস ৩/৩৪) দক্ষিণ আফ্রিকা : ১ম ইনিংস (২য় দিনশেষে) ৪০৪/৩ (প্রিন্স ১৫০, ইমরান ২০, আমলা ৪৬, ক্যালিস ১০২*, ডিভিলিয়ার্স ৩৯*; সিডল ১/৩৫, জনসন ১/৯২, হিলফেনহস ১/৯৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২০৮ ঘ.