ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াহ ভাইদের ক্ষেত্রে যা ঘটেছিল, প্রায় দুই যুগ পর ঠিক সে রকমই একটা কিছু ঘটতে যাচ্ছে মরকেল ভাইদের ক্ষেত্রে! ১৯৯০ সালে অস্ট্রেলিয়ান দলে মার্ক ওয়াহর অভিষেকের জন্য জায়গা করে দিতে গিয়ে দল থেকে বাদ পড়েছিলেন তার চার মিনিটের বড় ভাই স্টিভ। বৃহস্পতিবার কেপটাউনে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মরকেলেরও অভিষেক হতে যাচ্ছে তার ভাই মরনে মরকেলের জায়গায়!
হচ্ছেই, এমন নিশ্চয়তা না দিলেও দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার তেমনই আভাস দিয়েছেন, "এ ব্যাপারে প্রোকি'র (নির্বাচকমণ্ডলীর প্রধান মাইক প্রক্টর) সঙ্গে কথা বলতে হবে আগে, তবে যদ্দূর সম্ভব অ্যালবি থাকছে একাদশে।"
কদিন আগে জেপি দুমিনি আর অ্যাশওয়েল প্রিন্সের মধ্যে কাকে বেছে নেওয়া হবে এ নিয়ে প্রক্টরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে হয়েছিল বলেই হয়তো একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছেন আর্থার।
দক্ষিণ আফ্রিকান দলে আরেকটা পরিবর্তন অবধারিত, ইনজুরিতে আক্রান্ত অধিনায়ক গ্রায়েম স্মিথ খেলছেন না বলে তার জায়গায় দলে আসছেন ইমরান খান। কিন্তু ওপেনিংয়ে স্মিথের সঙ্গী নিল ম্যাকেঞ্জিও থাকছেন না এই ম্যাচে তার জায়গায় ওপেনার হয়ে ফিরছেন প্রথম দুই টেস্টের একাদশে না থাকা প্রিন্স।
একটা পরিবর্তন আসতে পারে অস্ট্রেলিয়ান দলেও। কেপটাউনের উইকেটে স্পিন কাজে লাগতে পারে, এমন সম্ভাবনা আশার আলো দেখাচ্ছে 'বুড়ো' ব্রাইস ম্যাকগেইনকে। তবে ৩৭ বছরে পা দিতে যাওয়া এই লেগস্পিনারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জেতা নিশ্চিত করে ফেলা রিকি পন্টিংয়ের দল।
ক্রিকইনফো অবলম্বনে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০০২
bdnews24