ঢাকা, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কেউই 'বাতিল' শব্দটা ব্যবহার করেনি, তবুও পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর কার্যত বাতিলই হয়ে গেছে বলা যায়। গত ৫ মার্চ সরকারের পরামর্শে সফর স্থগিত করার পর চলতি মাসের শেষদিকে সফর পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও শেষপর্যন্ত পাকিস্তান দলের আর আসাই হচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডের বাসভবনে ক্রীড়া প্রতিমন্ত্রী তা নিশ্চিত করে দিয়েছেন।
সংবাদমাধ্যমকে ঘন্টাদুয়েক অপেক্ষায় রাখার পর তিনি লিখিত বক্তব্যে বলেছেন, "পিলখানার ঘটনার প্রেক্ষিতে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এই অবস্থায় এখন কোনো বিদেশী দলকে আমন্ত্রণ জানানো সম্ভব নয়। এ কারণে পাকিস্তান দলের সফরটি আপাতত স্থগিত করা হলো।" যদিও ভবিষ্যতে এই সিরিজ আয়োজনের চেষ্টার কথা বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে। মন্ত্রীর বাসভবনে উপস্থিত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য দিয়ে বললেন, "সফরটি বাতিল হয়নি। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করে বছরের শেষদিকে এই সিরিজটি আয়োজনের চেষ্টা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.
bdnews24