২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দল হিসেবে সুপার লিগে সূর্যতরুণ

আবাহনী ও বিমানের পর তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ নিশ্চিত করেছে সূর্যতরুণ। সোমবার বিকেএসপিতে তারা ৪ উইকেটের জয় পেয়েছে ইয়াং পেগাসাসের বিপক্ষে। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএস ৩৩ রানে ভিক্টোরিয়াকে এবং ফতুল্লায় পারটেক্স ৭ উইকেটে সিটি ক্লাবকে হারানোয় সুপার লিগের শেষ তিনটি দল হওয়ার লড়াই জমে উঠেছে বেশ। চতুর্মুখী লড়াইয়ে সামিল এখন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, মোহামেডান, পারটেক্স এবং ডিওএইচএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আবাহনী ও বিমানের পর তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ নিশ্চিত করেছে সূর্যতরুণ। সোমবার বিকেএসপিতে তারা ৪ উইকেটের জয় পেয়েছে ইয়াং পেগাসাসের বিপক্ষে। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএস ৩৩ রানে ভিক্টোরিয়াকে এবং ফতুল্লায় পারটেক্স ৭ উইকেটে সিটি ক্লাবকে হারানোয় সুপার লিগের শেষ তিনটি দল হওয়ার লড়াই জমে উঠেছে বেশ। চতুর্মুখী লড়াইয়ে সামিল এখন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, মোহামেডান, পারটেক্স এবং ডিওএইচএস। ১০ ম্যাচের নয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে বিমান ও সূর্যতরুণ। এরপরেই আছে ১২ পয়েন্ট পাওয়া গাজী ও পারটেক্স। ১১ পয়েন্ট পাওয়া মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট কম ডিওএইচএসের। মঙ্গলবার মিরপুরে আবাহনী-বিমান বিগম্যাচ থাকলেও সবার দৃষ্টি থাকবে ফতুল্লার দিকে। কারণ সেখানে গাজীর সঙ্গে ম্যাচের ওপরই ঝুলে আছে মোহামেডানের সুপার লিগ ভাগ্য। এদিন বিকেএসপিতে সাকলায়েন সজীবের ঘূর্ণিতে ইয়াং পেগাসাসকে ৪১.২ ওভারে মাত্র ১৫৩ রানেই বেঁধে ফেলে সূর্যতরুণ। অল্প রানের টার্গেট তাড়া করতেও অবশ্য বেশ ঝামেলাই পোহাতে হয়েছে তাদের। ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছাতে ৪৬.২ ওভার লাগানো তো সেকথাই বলে। ওপেনার জুনায়েদ সিদ্দিকীর (৫৭) ফিফটিটাই কেবল উল্লেখযোগ্য স্কোর। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন অবশ্য সজীবই, ৩৭ রানে ৫ উইকেট নিয়ে যিনি একাই শেষ করে দেন পেগাসাসের ব্যাটিং। অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়রের ৭৭ রানে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল ওল্ড ডিওএইচএস। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান তোলার পরও তারা স্বস্তিতে ছিল না। কারণ ভিক্টোরিয়ার অমিত মজুমদার (৬৬) ও আরমান হোসেনের (৪১) ১১২ রানের ওপেনিং পার্টনারশিপ। মেহরাব এই দু'জনকে রানআউট করার পরও অস্বস্তি দূর হয়নি। চতুর্থ উইকেটে আকিল আরশাদ (৪২) ও শরিফুল্লাহর (৫২) ৯০ রানের আরেকটা পার্টনারশিপ হারের ভীতিই ছড়িয়ে দিয়েছিল ডিওএইচএস শিবিরে। পেসার আবুল হাসান রাজু এই জুটি ভাঙ্গেন। পরে প্রতিপক্ষকে ৪৮.২ ওভারে ২৪১ রানে অলআউট করার ক্ষেত্রেও দারুণ ভূমিকা ৩৪ রানে ৩ উইকেট নেওয়া ম্যাচের সফলতম বোলারের। তবে ৭৭ রান এবং দুটো রানআউট ও একটা ক্যাচ নিয়ে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন মেহরাবই। লো-স্কোরিং ম্যাচে সূর্যতরুণকে লড়তে হলেও বেশ সহজেই জিতেছে পারটেক্স। সিটি ক্লাবের ১৬২ রান টপকাতে তাদের লেগেছে মাত্র ৩৬.৪ ওভার। ২৯ রানে দুই উইকেট খোয়ালেও তৃতীয় উইকেটে তারিক আহমেদ ও আরিফুল হকের (৬২) ১১৭ রানের পার্টনারশিপ সহজ জয় নিশ্চিত করে দেয় তাদের। ৬২ রান করে অপরাজিত থাকা তারিক হয়েছেন ম্যাচের সেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.