কলম্বো, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় ক্রিকেট আয়োজনের কি ঝক্কি, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরে ভালোই জানা হয়েছিল সেটা। এবার তাই আর ঝুঁকি নিতে চায় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আর তাই ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য বদলাতে যাচ্ছে আরো একবার। শ্রীলঙ্কায় নয়, দক্ষিণ আফ্রিকায় এই টুর্নামেন্টটি আয়োজনের সুপারিশ করেছে আইসিসির বিশেষজ্ঞ কমিটি।
টুর্নামেন্টটি আসলে হওয়ার কথা ছিল গত বছর, পাকিস্তানে। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ অনেকগুলো দেশের আপত্তির মুখে একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয় ওই পরিকল্পনা। প্রথমে বলা হয়েছিল সময় পেছালেও পাকিস্তানেই হবে টুর্নামেন্টটি, কিন্তু পরে পাকিস্তান থেকে সেটা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয় শ্রীলঙ্কায়। কিন্তু সেপ্টেম্বর-অেেক্টাবরে শ্রীলঙ্কার আবহাওয়া ক্রিকেট উপযোগী নয় বলে এবার সেখান থেকে সরিয়ে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। ২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা থেকেই করা হয়েছে এই সুপারিশ। সেবার রিজার্ভ ডে থাকার পরও ফাইনাল ম্যাচটি মাঠে গড়াতে না পারায় ভারত ও শ্রীলঙ্কাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লোরগাত বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, সব কিছু বিবেচনা করে শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি আয়োজন না করার পক্ষেই সুপারিশ করা হয়েছে। আর অর্থনৈতিক ব্যাপারগুলো নিয়ে ঐকমত্য হলে দক্ষিণ আফ্রিকাতেই আয়োজন করা হবে চ্যাম্পিয়নস ট্রফি। চিফ এক্সিকিউটিভস কমিটির এই সুপারিশ এখন আইসিসির নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে, এবং সব কিছু ঠিকঠাক মতো চললে সোমবার নাগাদ এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আট দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬২০ ঘ.
bdnews24