ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিষেধাজ্ঞা উঠে গেলেও চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে কোন দলের হয়ে খেলবেন আব্দুর রাজ্জাক? এ প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে যে দলের হয়েই খেলুন না কেন, বিমানের হয়ে তিনি খেলতে পারছেন না নিশ্চিত। ম্যাচ কন্ডিশনে সংশোধিত বোলিং অ্যাকশন দেখে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য তাকে প্রিমিয়ার ক্রিকেটের টোয়েন্টি টোয়েন্টি আসরে বিমানের হয়ে খেলার অনুমতি দিয়েছিল। কিন্তু এখন বিমানের তাকে খেলাতে না পারার কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়ে রাজ্জাক বিসিবির পুলভুক্ত ক্রিকেটার হয়ে গেছেন। আর একটা দল সর্বোচ্চ তিনজন পুলের ক্রিকেটারকে দলভুক্ত করতে পারে এবং বিমান সাকিব আল হাসান, মাহবুবুল আলম রবীন এবং শাহাদাত হোসেন রাজীবকে দিয়ে সেই কোটা পূরণ করে ফেলেছে।
তাহলে এখন রাজ্জাক খেলবেন কোথায়? বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বললেন, "যে সব দলে পুলের ক্রিকেটার কম আছে, সেগুলোরই কোনো একটায়।" বৃহষ্পতিবার রাজ্জাককে পাওয়ার বিষয়ে মোহামেডান ও পারটেক্সের আগ্রহের কথা শোনাও গেল। কিন্তু বিমান কর্মকর্তারা এজন্য বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ করতে ছাড়লেন না। তাদেরই একজন কোচ অলক দাশগুপ্ত, "রাজ্জাক তো পুলে ছিল না। আমরা ওকে দলেও নিলাম। তখন বোর্ড কিছু বললো না। অথচ প্রিমিয়ার ক্রিকেটের ওয়ানডে শুরুর আগে আমাদের জানানো হলো আইসিসির ছাড়পত্র পেলে রাজ্জাক পুলভুক্ত হয়ে যাবে। এটা কেমন কথা!"
তার এমন অভিযোগের জবাব সিরাজ দিলেন এভাবে, "বিমান যখন রাজ্জাককে দলে নেয়, তখন তো ও নিষিদ্ধ ছিল। ওই সময়ে ওর খেলারই কথা নয়। তখন ওকে দলে নেওয়ার সময় বিমান তো আমাদের জানিয়ে নেয়নি।" এখন রাজ্জাকের খেলার বিষয়টা বিসিবির হাতেও নেই বলে জানালেন তিনি, "বিমান যখন ওকে নিয়েছে, তখন নিশ্চয়ই ওর সঙ্গে তাদের কিছু বোঝাপড়া আছে। এখন যে দল রাজ্জাককে খেলাতে চাইবে, তাদের বিমানের ছাড়পত্র পেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.
bdnews24