২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মম প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

নির্মম প্রতিশোধ --- দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার চলতি সিরিজটাকে বর্ণনা করার সবচেয়ে উপযুক্ত শব্দবন্ধ সম্ভবত! দু মাস আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রোটিয়াদের প্রথম টেস্ট সিরিজ জয়কে অনেকেই দেখছিল রিকি পন্টিংয়ের দলের পতনের সূচনা হিসাবে। সেই সন্দেহবাদীদের দাঁতভাঙ্গা জবাব দিতে একদমই সময় নেয়নি অস্ট্রেলীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ডারবান, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্মম প্রতিশোধ --- দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার চলতি সিরিজটাকে বর্ণনা করার সবচেয়ে উপযুক্ত শব্দবন্ধ সম্ভবত! দু মাস আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রোটিয়াদের প্রথম টেস্ট সিরিজ জয়কে অনেকেই দেখছিল রিকি পন্টিংয়ের দলের পতনের সূচনা হিসাবে। সেই সন্দেহবাদীদের দাঁতভাঙ্গা জবাব দিতে একদমই সময় নেয়নি অস্ট্রেলীয়রা। জোহানেসবার্গের পর ডারবানেও বিজয়-নিশান উড়িয়ে স্বাগতিকদের একেবারে বিধ্বস্ত করে দিয়েছে তারা। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের শেষ দিনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ৩৭০ রানে শেষ করে দিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে ১৭৫ রানের বিশাল জয়। যে জয়ের সুবাদে তিন টেস্টের সিরিজ জিতে নেয়ার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিও ধরে রেখেছে পন্টিংয়ের দল। ৫৪৬ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। প্রথম ইনিংসে মিচেল জনসনের বলে আঙ্গুল ভেঙ্গে অধিনায়ক গ্রায়েম স্মিথ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় লক্ষ্যটা আরো কঠিন হয়ে পড়ে তাদের জন্য। অবশ্য চতুর্থ দিনশেষে আশা বাঁচিয়ে রেখেছিলেন জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্স। ২ উইকেটে ২৪৪ রান নিয়ে দিনটা শেষ করায় অন্তত ড্রয়ের স্বপ্ন দেখতে পারছিল প্রোটিয়ারা। কিন্তু মঙ্গলবার সকালে সেই স্বপ্ন মিলিয়ে যেতেও সময় লাগেনি। স্বাগতিকদের প্রথম ধাক্কা দেন জনসন, নতুন বল হাতে নিয়ে ক্যালিসকে স্লিপে পন্টিংয়ের ক্যাচ বানিয়ে। আগের দিনের ৮৪ রানের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করে অর্থাৎ ৯৩ রানে আউট হয়ে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতম ব্যাটসম্যানকে। তৃতীয় উইকেটে ক্যালিস-ডি ভিলিয়ার্সের ১৮৭ রানের জুটি ভেঙ্গে যাওয়ার তিন ওভার পর আরেকটা আঘাত পেয়েছে প্রোটিয়ারা। চতুর্থ দিনশেষে ৬৮ রানে অপরাজিত থাকা ডি ভিলিয়ার্স ৮৪ রান করে কট বিহাইন্ড হয়ে গেছেন পিটার সিডলের বলে। তখনই আসলে নিশ্চিত হয়ে গেছে ম্যাচের ভাগ্য। তারপরও চেষ্টা করেছিলেন পরের ব্যাটসম্যানরা। মার্ক বাউচার ১৫৮ মিনিটে ২৫ এবং মর্নে মরকেল ১০১ মিনিট ক্রিজে কাটিয়ে ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু সেই সব প্রতিরোধ নিষ্ফল প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার শেষটাতেও ছিল একরাশ লজ্জা! কোনো স্পেশালিস্ট বোলার নয়, পার্টটাইম স্পিনার সাইমন ক্যাটিচ তিন উইকেট তুলে নিয়ে শেষ করে দিয়েছেন প্রোটিয়াদের। ক্যাটিচের মতো সিডলেরও শিকার তিন উইকেট। দুই ইনিংসেই সেঞ্চুরি করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ফিলিপ হিউজ। ২০ বছর বয়সী হিউজের এটা মাত্র দ্বিতীয় টেস্ট। কেপটাউনে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১৯ মার্চ থেকে। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ৩৫২ (হিউজ ১১৫, ক্যাটিচ ১০৮; স্টেইন ৩/৮৩) ও ৩৩১/৫ ডিক্লে. (হিউজ ১৬০, পন্টিং ৮১; ক্যালিস ১/২১) দক্ষিণ আফ্রিকা : ১৩৮ (ডুমিনি ৭৩*; ম্যাকডোনাল্ড ৩/২৫, জনসন ৩/৩৭) ও ৩৭০ (ক্যালিস ৯৩, ডি ভিলিয়ার্স ৮৪; ক্যাটিচ ৩/৪৫, সিডল ৩/৬১) ফল : অস্ট্রেলিয়া ১৭৫ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : ফিলিপ হিউজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩০ঘ.