ঢাকা, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অষ্টম ম্যাচে সপ্তম জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে এখন বিমান। সোমবার বিকেএসপি দুই নম্বর মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৫ উইকেটে হারিয়ে শীর্ষস্থানে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে ভাগ বসিয়েছে তারা। আট ম্যাচ খেলে দু'দলেরই ১৪ পয়েন্ট। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে চতুর্থ জয় পাওয়া মোহামেডানের সুপার লিগে যাওয়ার আশা উজ্জ্বল হয়েছে আরো। ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) তাদের বিপক্ষে সম্মানজনক সংগ্রহ দাঁড় করালেও তা টপকাতে সমস্যা হয়নি মোহামেডানের। ৬ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছে তারা।
টস জিতে ব্যাটিংয়ে নামা বিকেএসপি অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বিমানকে। আনামুল হকের (৫৩) ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০০ রান তোলে তারা। বিমানের নতুন বলের বোলার মাহবুবুল আলম রবীন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। অন্য পেসার নিয়াজ মোর্শেদ ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট। নাজমুস সাদাতের ২৪ রানে ২ উইকেট নেয়াও বিমানের জন্য ছিল বোনাস। কারণ এই ওপেনার এদিন দলকে সহজ জয়ের ভিত গড়ে দিয়েছেন। উদ্বোধনী জুটিতে জাহিদ নেওয়াজের (৫২) সঙ্গে তার ১৪০ রান ১০ বল হাতে রেখে বিমানের সহজ জয়ের ক্ষেত্রে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। বল হাতে অবদান রাখার পর ৮২ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৭৯ রান করা নাজমুস সাদাত ছাড়া আর কারোরই তাই ম্যাচ সেরা হওয়ার উপায় ছিল না।
কাকতালীয়ভাবে দিনের অন্য ম্যাচটির সেরা খেলোয়াড়ের রানও ৭৯, করেছেন মোহামেডানের শামসুর রহমান শুভ। যদিও মোহামেডানকে মোটামুটি কঠিন চ্যালেঞ্জ জানিয়ে বসেছিল টস হেরে ব্যাটিংয়ে নামা সিসিএস। ওপেনার উত্তম সরকার (৬৫) ও নিজামুদ্দিনের (৫৯) ফিফটি এবং নাজমুল হোসেনের অপরাজিত ৪৭ রান নির্ধারিত ৫০ ওভার শেষে সিসিএসকে পৌছে দেয় ৬ উইকেটে ২৩৪ রানে। চলতি প্রিমিয়ার লিগে মোহামেডানের ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতায় এই রান টপকানো কঠিন হবে বলেই মনে হচ্ছিল। তারওপর একটা ম্যাচ খেলেই দেশে ফিরে যাওয়া সনাৎ জয়াসুরিয়াও নেই। জয়াসুরিয়া অবশ্য আবার এসে যোগ দেবেন দলের সঙ্গে।
তবে মোহামেডানকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে নাদিমুদ্দিন মিন্টু (৪২) এবং নাসিরুদ্দিন ফারুকের (৫০) ৮৫ রানের উদ্বোধনী জুটি। এরপর তাদের জয়ের তীরে নিয়ে যান শামসুর রহমান শুভ। চতুর্থ উইকেটে ফয়সাল হোসেনকে (৩৭) নিয়ে ৭৪ রান যোগ করা এই তরুণ ব্যাটসম্যান দলকে জিতিয়েই ফিরেছেন মাঠ থেকে। ১০৩ বলে খেলা তার অপরাজিত ৭৯ রানের ইনিংসে তিন বাউন্ডারির পাশে দুটো ছক্কার মারও ছিল। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪৬ঘ.
bdnews24