ডারবান, ৭ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- চেহারায় ফাস্ট বোলার সুলভ আগ্রাসন খুঁজে পাওয়া ভার। অথচ সেই মিচেল জনসনই এখন দক্ষিণ আফ্রিকার সামনে এক মূর্তিমান আতঙ্ক। জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বড় জয় এনে দিয়েও তিনি আত্মতৃপ্তিতে ভুগছেন না। ডারবানে দ্বিতীয় টেস্টেও বল হাতে আগুন ঝরিয়ে বিপদে ফেলে দিয়েছেন স্বাগতিকদের। জনসনের সঙ্গে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও জ্বলে ওঠায় দ্বিতীয় দিনশেষে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১৩৮ রান। এর আগে ৩৫২ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
অথচ শনিবারের সকালটা স্বপ্নের মতো ছিল দক্ষিণ আফ্রিকানদের জন্য। আগের রাতের বৃষ্টির জন্য আধ ঘন্টা দেরিতে শুরু হয়েছে খেলা। সে সময় ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে অস্ট্রেলিয়া দারুণ স্বস্তিতেই ছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি প্রোটিয়া বোলারদের তোপে। শুরুটা করেছেন মর্নে মরকেল, প্রথম দিনশেষে ৩৭ রানে অপরাজিত থাকা মাইকেল হাসিকে বোল্ড করে। ৫০ রান করে হাসি ফিরে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ৩২৯ রান।
সেটাকে ৬ উইকেটে ৩৪৮ বানিয়েছেন জ্যাক ক্যালিস, জোহানেসবার্গে অভিষেকে টেস্টেই সেঞ্চুরি করা মার্কাস নর্থকে (৩৮) ডেল স্টেইনের ক্যাচ বানিয়ে। তারপরই শুরু এক ধ্বংসযজ্ঞের। যে ধ্বংসযজ্ঞে চুরমার হয়ে গেছে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার। নর্থ ফিরে যাওয়ার পরের ওভারটা ছিল মাখায়া এনটিনির। সেই ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তিনি ফিরিয়ে দিয়েছেন ব্র্যাড হ্যাডিন (৫) ও জনসনকে (০)। পিটার সিডল এসে হ্যাটট্রিক ঠেকালেও রিকি পন্টিংয়ের দলের তাতে কোনো লাভ হয়নি । কারণ দু ওভার পর স্টেইন সিডল (০) ও বেন হিলফেনহসকে (০) আউট করে অলআউট করে দিয়েছেন প্রতিপক্ষকে। প্রোটিয়া পেসারদের ঐ তোপের জন্যই মাত্র ৪ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।
কিন্তু এই সাফল্য মাঠে অনুদিত করতে স্বাগতিক ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। জনসন ইনিংসের এবং নিজেরও প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছেন নিল ম্যাকেঞ্জি (০) ও হাশিম আমলাকে (০)। তখনো রানের খাতাই খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা! জনসনের করা পরের ওভারেই ডান হাতের কড়ে আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্রায়েম স্মিথকে।
অস্ট্রেলিয়ার আরেক নতুন বলের বোলার হিলফেনহসও চুপচাপ বসে থাকেননি। নিজের তৃতীয় এবং ইনিংসের ষষ্ঠ ওভারে তিনি এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্সকে (৩)। ৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তখন দিশেহারা!
জেপি ডুমিনিকে সঙ্গে নিয়ে এই মহাবিপদ থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করছিলেন ক্যালিস। দুজনের ৫০ রানের জুটি যখন স্বাগতিকদের মনে আশার সঞ্চার করতে শুরু করেছে ঠিক তখনই আবার জনসনের আঘাত। তার একটি খাটো লেন্থের বল চোয়ালে আঘাত করায় মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে ক্যালিসকে।
নতুন ব্যাটসম্যান মার্ক বাউচার বেশিক্ষণ টিকতে পারেননি। এবং তিনিও জনসনের শিকার। বাউচারকে (১) বোল্ড করে প্রোটিয়াদের ৪ উইকেটে ৬২ রানে পরিণত করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। এবং সঙ্গে সঙ্গেই চা-বিরতি হয়েছে।
চা-বিরতির পর পল হ্যারিসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন ডুমিনি। ৪২ রানের জুটিটা ভেঙ্গেছেন ম্যাকডোনাল্ড, হ্যারিসকে (৪) বোল্ড করে। এরপরই দর্শকদের তুমুল করতালির মধ্যে মাঠে ফিরেছেন ক্যালিস। কিন্তু প্রোটিয়াদের অভিজ্ঞতম ব্যাটসম্যান এবার কিছুই করতে পারেননি। মাঠে নেমে দ্বিতীয় বলেই পন্টিংকে ক্যাচ দিয়েছেন তিনি। ২২ রান করা ক্যালিসের উইকেটটাও ম্যাকডোনাল্ডের এবং দুটো উইকেটই একই ওভারে।
এই সাফল্যে উজ্জীবিত ম্যাকডোনাল্ড নিজের পরের ওভারেও আঘাত হেনেছেন মরকেলকে (২) বোল্ড করে। ১০৬ রানে ৭ উইকেট হারানোর পর স্টেইনকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ডুমিনি। দিনশেষে ডুমিনি ৭৩ ও স্টেইন ৮ রানে অপরাজিত। জনসন ও ম্যাকডোনাল্ড দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।
বিডিনিউজ ২৪ ডটকম/এএআর/২২১৯ঘ.
bdnews24