২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা ব্যক্তিগতভাবে দারুণ কাটছে অ্যান্ড্রু স্ট্রাউসের। কাগজে-কলমে পাঁচ টেস্টের হলেও আসলে এই সিরিজটা চার টেস্টের, আর তার শেষ ম্যাচের প্রথম দিনে শুক্রবার এই বাঁহাতি ওপেনার করেছেন তার তৃতীয় সেঞ্চুরি। তার অপরাজিত ১৩৯ রানের সুবাদে পোর্ট অফ স্পেন টেস্টের প্রথম দিনশেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ২৫৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

পোর্ট অফ স্পেন, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা ব্যক্তিগতভাবে দারুণ কাটছে অ্যান্ড্রু স্ট্রাউসের। কাগজে-কলমে পাঁচ টেস্টের হলেও আসলে এই সিরিজটা চার টেস্টের, আর তার শেষ ম্যাচের প্রথম দিনে শুক্রবার এই বাঁহাতি ওপেনার করেছেন তার তৃতীয় সেঞ্চুরি। তার অপরাজিত ১৩৯ রানের সুবাদে পোর্ট অফ স্পেন টেস্টের প্রথম দিনশেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ২৫৪ রান। দল হিসেবে ইংল্যান্ডের অবস্থা অবশ্য মোটেই তেমন সুখের নয়। প্রথম টেস্টে হেরে যাওয়ায় ০-১ ম্যাচে পিছিয়ে থাকা ইংল্যান্ড গত ১১ বছরের মধ্যে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সিরিজ জিততে পারছে না এটা এখন নিশ্চিত, ১৯৯৮ সালের পর প্রথম সিরিজ হার এড়াতে হলেও এই টেস্টটা জিততেই হবে তাদের। এই টেস্টে অবশ্য এখন পর্যন্ত ভাগ্য তাদের পক্ষেই আছে। ম্যাচ শুরুর আগেই স্বাগতিকরা বিপদে পড়েছে ইনজুরির কারণে পেসার জেরম টেলরকে হারিয়ে। বিকল্প হিসেবে দলে আসা লিওনেল বেকার ফাস্ট বোলার নন, তার মিডিয়াম পেস খেলতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কোনো অসুবিধাই হয়নি। সিরিজের শুরু থেকেই ভালো বোলিং করে আসা দীর্ঘদেহী স্পিনার সুলেমান বেনকেও এই ম্যাচের দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ, তার জায়গায় দলে নেওয়া হয়েছে একজন বাড়তি ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে। কিন্তু ব্যাটিং শক্তিশালী করতে গিয়ে দুর্বল হয়ে যাওয়া বোলিং প্রথম দিনে ইংল্যান্ডকে এনে দিয়েছে স্বস্তিকর অবস্থান। টেলরের অনুপস্থিতিতে নতুন বল হাতে পাওয়া ড্যারেন পাওয়েল শুরুতেই ওপেনার অ্যালিস্টার কুককে (১২) ফিরিয়ে দিয়ে প্রাথমিক সাফল্য এনে দিয়েছিলেন স্বাগতিকদের, কিন্তু এরপর দ্বিতীয় দ্বিতীয় উইকেটে ওয়েইস শাহর সঙ্গে ১০৭ ও চতুর্থ উইকেটে পল কলিংউডের সঙ্গে হার না মানা ১০২ রানের দুটি বড় জুটি গড়ে স্ট্রাউস ভুলিয়ে দিয়েছেন সেই সাফল্য। দিনশেষে ৫৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন কলিংউড, আউট হননি শাহও। ২৯ রান করার পর হাতের পেশীতে টান পড়ায় অবসর নিতে হয়েছে তাকে। মাঝে শুধু কেভিন পিটারসেন আউট হয়েছেন ১০ রান করে। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড ১ম ইনিংস : ৯০ ওভারে ২৫৬/২ (স্ট্রাউস ১৩৯*, কুক ১২, শাহ আহত অবসর ২৯, পিটারসেন ১০, কলিংউড ৫৪*; হাইন্ডস ১/৪৯, পাওয়েল ১/৫১) বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/১১৫৫ ঘ.