করাচি, ৬ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ক্রিকেট কি ধ্বংসের পথে? মঙ্গলবার লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার পর প্রশ্নটা উঠছেই। কারো কারো অভিমত পাকিস্তান সফর বয়কট করাই শুধু নয়, তাদের সঙ্গে আর কারো খেলাই উচিৎ নয়! এই অভিমতের ঘোরতর বিরোধী ইউনিস খান। শুক্রবার পাকিস্তান অধিনায়ক আকুতির সুরেই বললেন এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে সেদেশে সন্ত্রাসেরই জয় হবে, জাঁকিয়ে বসা সন্ত্রাস ধ্বংসের পথে ঠেলে দেবে তাদের দেশকে।
"আমি প্রত্যেকের কাছে শুধু এটুকু আবেদন করতে পারি দয়া করে এখনই পাকিস্তানকে ছুঁড়ে ফেলবেন না। কিংবা দেশটাকে (ক্রিকেট থেকে) বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা করবেন না। যদি এই ভুল করা হয় তাহলে সন্ত্রাসেরই জয় হবে পাকিস্তানে"--- বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে রীতিমতো আকুতি ঝরে পড়লো ইউনিসের কণ্ঠে। তারপর তিনি জানালেন পাকিস্তানের তরুণ প্রজন্মকে রক্ষা করতে সেখানে ক্রিকেট কতটা জরুরী, "আনন্দিত হওয়ার মতো খুব বেশি উপলক্ষ আমরা পাই না। তাই ক্রিকেট আয়োজন বন্ধ হয়ে গেলে আপনারা তরুণ প্রজন্মকেই এই সব জঙ্গীদের প্রতি উৎসাহী করে তুলবেন।"
বিডিনিউজ ২৪ ডটকম/এএআর/১৯১০ঘ.
bdnews24