২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ঘটনা ভয় পাইয়ে দিয়েছে বাংলাদেশী ক্রিকেটারদেরও

নিরাপত্তায় ঘাটতি ছিল না কোনো। গত বছর এপ্রিলের পাকিস্তান সফরের সময় হোটেল রুমের দরজা খুলে বেরিয়েই মোহাম্মদ আশরাফুলরা দেখতেন, সেখানে সশস্ত্র কমান্ডো পাহারাদার। এসব দেখে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কোনো কারণই ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিরাপত্তায় ঘাটতি ছিল না কোনো। গত বছর এপ্রিলের পাকিস্তান সফরের সময় হোটেল রুমের দরজা খুলে বেরিয়েই মোহাম্মদ আশরাফুলরা দেখতেন, সেখানে সশস্ত্র কমান্ডো পাহারাদার। এসব দেখে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কোনো কারণই ছিল না। অথচ মঙ্গলবার লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা শুনে এখন বরং শিউরেই উঠছেন বাংলাদেশ অধিনায়ক, "ওই সফরে হোটেলে বেশ ভালো স্তরের নিরাপত্তাই ছিল। কিন্তু শ্রীলঙ্কা দলের ওপর হামলা হয়েছে তো হোটেল থেকে মাঠে যাওয়ার পথে। এখন মনে হচ্ছে একই ঘটনার শিকার তো আমরাও হতে পারতাম। তা যে হইনি, সেজন্য এখন আবারও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।" বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এই হামলাকে দেখছেন ক্রিকেটারদের 'বিশ্বাসের ভিত নড়িয়ে দেওয়া হামলা' হিসেবে, "আমরা দেশের বাইরে যখন যেখানেই খেলতে গেছি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতই। কিন্তু ক্রিকেটারদের অন্তত কেউ কিছু করবে না, এই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। সত্যি কথা বলতে কী, এজন্য আমাদের ভেতর কোনো ভয়-ডরও কাজ করতো না। তবে আমি নিশ্চিত লাহোরের ঘটনা এখন ক্রিকেটারদের মনেও ভয় ঢুকিয়ে দিয়েছে।" সাবেক অধিনায়কের অনুমানকে সঠিক বলে মনে হচ্ছে বর্তমান অধিনায়কেরও, "এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এর আগে কখনো কোনো ক্রিকেট দলের ওপর এমন হামলা হয়েছে বলে শুনিনি। আর বাংলাদেশ দলকে কেউ কিছু করবে বলে কখনো মনে হয়নি আমাদের। কিন্তু এই ঘটনায় এখন থেকে আমরা আর একেবারে নিশ্চিন্ত থাকতে পারবো না।" মঙ্গলবার প্রিমিয়ার ক্রিকেট লিগে ম্যাচ ছিল আশরাফুলের দল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের। আর এই ম্যাচ তার নিজের জন্যও আনন্দের বার্তা নিয়েই এসেছে। এই আসরের শুরু থেকেই রান পাচ্ছিলেন না বলে বাংলাদেশ অধিনায়কের পারফরম্যান্স নিয়ে গুঞ্জনটা যখন উচ্চকিত হওয়ার অপেক্ষা, সেই সময়েই এই ম্যাচে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছেে সেঞ্চুরি। কিন্তু সেঞ্চুরি করার আগেই তার মন ভারাক্রান্ত হয়ে ছিল, "আমি তখন ব্যাটিং করছিলাম। তখনই কানে আসলো ঘটনাটা। মাঠেই খেলোয়াড়রা লাহোরের ঘটনা নিয়ে আলোচনা করছিল।" সেই লাহোর, যেখানে গত বছর এপ্রিলের সফরে পাঁচ ওয়ানডের সিরিজের দুটো ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে আশরাফুলের মনটা আরো বিষিয়ে ওঠার কারণ, "কয়েকদিনের মধ্যেই দুটো খুব খারাপ সংবাদ শুনতে হল আমাদের। পিলখানায় এত্তো বড় একটা হত্যাকান্ডের পর এখন আবার ক্রিকেটারদের ওপর হামলা। পাকিস্তানে কেউ খেলতে যেতে চায় না। শ্রীলঙ্কা সাহস করে খেলতে গিয়েছিল। তাদের ওপর এই হামলা কাপুরুষোচিত।" যে হামলার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেমন রাখঢাক না করেই বলে ফেললেন, "সত্যি কথা বলতে কী, শ্রীলঙ্কা দলের ওপর হামলার খবর শুনে আমারও ভয় করছে। প্রশ্ন জাগছে, আমি কতোটা নিরাপদ।" অথচ ক্রিকেটারদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ার কোনো কারণই খুঁজে পান না আশরাফুল, "আমি কিছুতেই বুঝতেছি না, কেন এই হামলা। ক্রিকেট বা ক্রিকেটার তো রাজনীতির বাইরে।" এটা ঠিক যে তারা হানাহানির জগতের বাইরে, তবুও তারা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হতে শুরু করেছেন। মাহেলা জয়াবর্ধনেরা এর উদাহরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.