২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিকেলের নাটকের পর ম্যাচ ড্র

সাড়ে চার দিন ধরে ব্যাটসম্যানদের হাতে নাকানি-চুবানি খাওয়ার পর করাচি টেস্টের শেষ বিকেলে হঠাৎ দেখা গেল বোলারদের একটুখানি দাপট। তাতে মরা ম্যাচে খানিকটা প্রাণ এলেও শেষ পর্যন্ত ড্রয়েই শেষ হয়েছে ম্যাচটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

করাচি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে চার দিন ধরে ব্যাটসম্যানদের হাতে নাকানি-চুবানি খাওয়ার পর করাচি টেস্টের শেষ বিকেলে হঠাৎ দেখা গেল বোলারদের একটুখানি দাপট। তাতে মরা ম্যাচে খানিকটা প্রাণ এলেও শেষ পর্যন্ত ড্রয়েই শেষ হয়েছে ম্যাচটি। পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান পারেননি ব্রায়ান লারার রেকর্ড ছুঁতে, তার দলের পক্ষেও সম্ভব হয়নি শ্রীলঙ্কাকে হারানো। আগের দিনের ৩০৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ইউনিস মঙ্গলবার সকালেই আউট হয়ে গেছেন আর মাত্র ৭ রান যোগ করে। সময়ের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় দীর্ঘতম ইনিংসটি খেলে ৩১৩ রানে তার বিদায়ের পর শ্রীলঙ্কানদের ঢিলে-ঢালা বোলিংয়ের সুযোগ নিয়ে সেঞ্চুরি করেছেন কামরান আকমলও। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৭৬৫ রান তুলে ইউনিস যখন ইনিংস ঘোষণা করেন, ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করা আকমল তখন ১৫৮ রানে অপরাজিত, সঙ্গী ইয়াসির আরাফাতের সংগ্রহ ঠিক ৫০। এরপর শেষ বিকেলে আর মাত্র একটি সেশনই বাকি ছিল। কিন্তু উমর গুল আর দানিশ কানেরিয়ার বোলিং তাতেই এনে দিয়েছিল খানিকটা উত্তেজনার স্বাদ। ১২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসলে অসম্ভব এক জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছিল ইউনিসের দলের সামনে। কিন্তু যথেষ্ট সময় হাতে ছিল না তার জন্য। প্রথম ইনিংসের দুই ডবল সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে (২২) আর থিলন সামারাবীরাকে (অপ. ২৪) সঙ্গে নিয়ে কুমার সাঙ্গাকারা (৬৫) সফরকারীদের বিপদমুক্ত করেছেন। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা : ৬৪৪/৭ ডি. (জয়াবর্ধনে ২৪০, সামারাবীরা ২৩১; কানেরিয়া ৩/১৭০) ও ১৪৪/৫ (সাঙ্গাকারা ৬৫, সামারাবীরা ২৪*, জয়াবর্ধনে ২৪; কানেরিয়া ২/৩৫, গুল ২/৪১) পাকিস্তান : ৭৬৫/৬ ডি. (ইউনিস ৩১৩, আকমল ১৫৮*, ইকবাল ৫৭, মালিক ৫৬, আরাফাত ৫০*; ফার্নান্দো ২/১৪০) ফল : ম্যাচ ড্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯০৭ ঘ.