ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১৪৮ বলে ১৭টি বাউন্ডারি ও সাত ছক্কার মারে ১৬৯ রান - রীতিমতো বিস্ফোরক এক ইনিংস। যেটি সোমবার বিকেএসপির মাঠে খেলেছেন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের মোহাম্মদ মিথুন। চলতি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করানো গাজী বড় জয়ই পেয়েছে। পারটেক্সকে তারা হারিয়েছে ৮১ রানে। পাঁচ ম্যাচ খেলে জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দলটির এটি তৃতীয় জয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএসপির বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে সূর্যতরুণ। আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই ছোট দলের লড়াইয়ে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৬ উইকেটে হারিয়েছে ইয়াং পেগাসাসকে।
টস জিতে ব্যাটিংয়ে নামা গাজী ট্যাঙ্ক অবশ্য শুরুতে বেশ বিপদেই পড়ে গিয়েছিল। তবে ১৮ রানে ২ উইকেট হারানোর পর তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি ওপেনার ইমরুল কায়েস (৬৪) ও সেঞ্চুরিয়ান মিথুনের ১৭৬ রানের পার্টনারশিপে। ৫১ বলে ফিফটিতে পৌছানো মিথুনের সেঞ্চুরিতে পৌছাতে লেগেছে ৪৯ বল। সেখান থেকে দেড়শোতে পৌছান মাত্র ২৭ বলে। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৯৫ রান তোলে গাজী ট্যাঙ্ক। এই রান তাড়া করতে নামা পারটেক্সকে দুই ওপেনার মেহরাব হোসেন সিনিয়র (৪১) ও সাইফুল আলম (৬০) ৮৭ রানের সূচনা এনে দিলেও পরের দিকের ব্যাটসম্যানরা রান রেটকে জেতার মতো অবস্থায় নিয়ে যাওয়ার গতি দিতে পারেননি। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২১৪ রানের বেশি তুলতে পারেনি। গাজীর অধিনায়ক আশরাফুল ও সাজু দত্ত নিয়েছেন দুটো করে উইকেট। আর মিথুনের ম্যাচ সেরা হওয়াটা তো নির্ধারিতই হয়ে গিয়েছিল ম্যাচের প্রথম ইনিংসের পরই।
ফতুল্লায় বিকেএসপিকে দাঁড়াতেই দেয়নি সূর্যতরুণের বোলাররা। ৪৯.২ ওভারে প্রতিপক্ষকে মাত্র ১৪১ রানে অলআউট করে দিয়ে সূর্যতরুণ জয় তুলে নেয় ৩৯ ওভারেই। এক্ষেত্রে রাজিন সালেহর অপরাজিত ফিফটির (৫০*) দারুণ ভূমিকা। এই জন্য ম্যাচ সেরাও হয়েছেই এই মিডল অর্ডার ব্যাটসম্যানই। অন্য ম্যাচের চিত্রনাট্যও প্রায় একইরকম। পেগাসাসকে মাত্র ১৪৭ রানে বেঁধে ফেলা সিসিএসকে ৩৬ ওভারেই সহজ জয় পাইয়ে দেয় শুভাগত হোমের অপরাজিত ৭৬ রানের ইনিংসটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২০০০ঘ.
bdnews24