কিংস্টন, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের এক নিয়মিত চরিত্র হয়ে ওঠা ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার স্টিভ বাকনর অবসর নিচ্ছেন। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন টেস্ট সিরিজেই শেষ বারের মতো সাদা-কালো পোশাকে মাঠে নামবেন সবচেয়ে বেশি ১২৬টি টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালনের বিশ্ব রেকর্ডের মালিক এই জ্যামাইকান।
রোববার জ্যামাইকা গ্লিনার পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ৬২ বছর বয়সী বাকনর বলেছেন, "আমি এরই মধ্যে আইসিসি এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি এটাই হবে আমার শেষ টেস্ট সিরিজ আর এই সিরিজের তৃতীয় টেস্টটাই হবে আমার শেষ টেস্ট।"
ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে একশটির বেশি টেস্টে দায়িত্ব পালন করা বাকনর ১৭৯টি ওয়ানডে ম্যাচও পরিচালনা করেছেন। টানা পাঁচটি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে তাকে, এর তিনটিতে তিনি দায়িত্ব পালন করেছেন ফাইনালে। বর্ণাঢ্য এই ক্যারিয়ারটাকে আরো কিছুদিন টেনে নেওয়ার মতো শারীরিক সামর্থ আছে বলেই অবশ্য মনে করেন, তবে তারপরও বিদায় বলছেন মন আর টানছে না বলে।
আম্পায়ারিং ছাড়লেও ক্রিকেট থেকে একেবারে বিদায় নেওয়ার ইচ্ছে নেই তার। ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ থেকে নতুন আম্পায়ার গড়ে তোলায় ক্রিকেট বোর্ডকে সাহায্য করতে চান বলেই জানিয়েছেন বিদায় বেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪১২ ঘ.
bdnews24