২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনে-সামারাবীরার সেঞ্চুরিতে প্রথম দিনটা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার পড়া তিনটি উইকেটেই তার গুরুত্বপূর্ণ অবদান। তিনটি ক্যাচ নিয়ে মিসবাহ-উল হকই প্রথম টেস্টের প্রথম দিনে কিছুটা আনন্দ দিয়েছেন পাকিস্তান দলকে। কিন্তু দিনশেষে সেই মিসবাহই স্বাগতিকদের কাছে 'খলনায়ক'! তিনি মাহেলা জয়াবর্ধনের ক্যাচ মিস না করলে শ্রীলঙ্কা কী এতটা হাসিমুখে দিনটা শেষ করতে পারতো! 'জীবন' ফিরে পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করে অপরাজিত আছেন অধিনায়ক হিসাবে শেষ সিরিজ খেলতে নামা জয়াবর্ধনে। তার সঙ্গে থিলান সামারাবীরার আরেকটি অপরাজিত সেঞ্চুরির যোগফলে দিনশেষে ৩ উইকেটে ৪০৬ রানের স্বস্তিকর জায়গায় শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

করাচি, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার পড়া তিনটি উইকেটেই তার গুরুত্বপূর্ণ অবদান। তিনটি ক্যাচ নিয়ে মিসবাহ-উল হকই প্রথম টেস্টের প্রথম দিনে কিছুটা আনন্দ দিয়েছেন পাকিস্তান দলকে। কিন্তু দিনশেষে সেই মিসবাহই স্বাগতিকদের কাছে 'খলনায়ক'! তিনি মাহেলা জয়াবর্ধনের ক্যাচ মিস না করলে শ্রীলঙ্কা কী এতটা হাসিমুখে দিনটা শেষ করতে পারতো! 'জীবন' ফিরে পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করে অপরাজিত আছেন অধিনায়ক হিসাবে শেষ সিরিজ খেলতে নামা জয়াবর্ধনে। তার সঙ্গে থিলান সামারাবীরার আরেকটি অপরাজিত সেঞ্চুরির যোগফলে দিনশেষে ৩ উইকেটে ৪০৬ রানের স্বস্তিকর জায়গায় শ্রীলঙ্কা। অথচ দিনের শুরু দেখে বোঝাই যায়নি দিনটা এভাবে শেষ করতে পারবে সফরকারীরা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি জয়াবর্ধনে। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তার দলের। উমর গুলের করা ইনিংসের চতুর্থ বলেই স্লিপে মিসবাহর হাতে ধরা পড়েন অভিষিক্ত থারাঙ্গা পারানাভিতানা। ইনিংসের চতুর্থ হলেও সেটা ছিল পারানাভিতারার প্রথম বল। তার জন্য এবং দলের জন্যও খুবই খারাপ সূচনা! তবে অন্য ওপেনার মালিন্দা ওয়ার্নাপুরা এবং কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কাকে ধাক্কাটা বুঝতেই দেননি। বিশেষ করে ওয়ার্নাপুরা। পাকিস্তানের ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার আনন্দ তিনি মিলিয়ে দিয়েছেন ঝড়ো ব্যাটিং করে। ৪৮ বলে ৯ বাউন্ডারিতে ৫৯ রান --- পরিসংখ্যানেই পরিষ্কার কতটা আগ্রাসী ছিল এই বাঁহাতি ওপেনারের ব্যাট। শেষ পর্যন্ত ওয়ার্নাপুরা-ঝড় থামিয়েছেন ইয়াসির আরাফাত, স্লিপে মিসবাহর ক্যাচ বানিয়ে। ওয়ার্নাপুরা-সাঙ্গাকারার ৯০ রানের জুটির পতন পাকিস্তানকে সাময়িকভাবে স্বস্তি দিলেও প্রতিপক্ষের রানের গতি তারা থামাতে পারেনি । জয়াবর্ধনে-সাঙ্গাকারার ৮৪ রানের জুটি অবশ্য কিছুটা মন্থর ছিল। তারপরও ওভারে গড়ে ৪ রানেরও বেশি করে নেয়া টেস্ট ক্রিকেটের হিসাবে কম কথা নয়। দারুণ আস্থার সঙ্গে খেলা সাঙ্গাকারাকে ফিরিয়ে জুটিটা ভেঙ্গেছেন দানিশ কানেরিয়া। এবং এটাও মিসবাহর ক্যাচ! ১০৪ বলে খেলা সাঙ্গাকারার ৭০ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৯টি। সাঙ্গাকারার বিদায়ের সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৩ উইকেটে ১৭৭ রান। প্রথম দিনে সেটাই স্বাগতিকদের শেষ সুখের অনুভূতি। কারণ দিনের বাকি সময়ে জয়াবর্ধনে আর সাঙ্গাকারার ব্যাটিং দেখা ছাড়া কিছুই করতে পারেনি তারা। অভিষিক্ত পেসার সোহেল খানের বলে স্লিপে দাঁড়ানো মিসবাহ শ্রীলঙ্কা অধিনায়কের ক্যাচটা ধরতে পারলে অবশ্য দিনটা এতটা হতাশা নিয়ে শেষ করতে হতো না পাকিস্তানকে। ৪৩ রানে বেঁচে যাওয়া জয়াবর্ধনে শুধু সেঞ্চুরিই করেননি, প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসাবে ৮ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। তার ২৩৯ বলে খেলা অপরাজিত ১৩৬ রানে বাউন্ডারি আছে ২০টি। সঙ্গে থাকা সামারাবীরার অপরাজিত ১৩০ রান গড়ে উঠেছে ১৫৫ বলে, যেখানে ২১টি বাউন্ডারি। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দুজনের অবদান ২২৯ রান। মূলত সামারাবীরার আগ্রাসনের জন্যই শেষ সেশনে ৩৫ ওভারে ১৫৮ রান পেয়েছে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪০৬/৩ (ওয়ার্নাপুরা ৫৯, পারানাভিতানা ০, সাঙ্গাকারা ৭০, জয়াবর্ধনে ১৩৬*, সামারাবীরা ১৩০*, অতিরিক্ত ১১; গুল ১/৮২, সোহেল ০/১০৫, আরাফাত ১/৫৭, মালিক ০/৬০, কানেরিয়া ১/৯৩, ইউনিস ০/৬)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২৫ঘ.