নয়াদিল্লী, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ পাতানোর অভিযোগে তিনি ক্রিকেটে আজীবন নিষিদ্ধ। কিন্তু রাজনীতির ওপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই! তাই বৃহস্পতিবার ভারতের ঐতিহ্যবাহী ও বর্তমান সরকারী দল কংগ্রেসে যোগ দিলেন মোহাম্মদ আজহারউদ্দিন।
জীবনের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি করা, ১৪টি টেস্ট জয়ে ভারতকে নেতৃত্ব দেয়া (যে রেকর্ড পরে ভেঙ্গে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী) আজহারের হাতে এখন অফুরন্ত সময়। তবে স্রেফ সময় কাটানোর জন্য নয়, কংগ্রেসের আদর্শে উজ্জীবিত হয়েই এই দলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, "আমি সব সময়ই কংগ্রেস পার্টির ভক্ত। আমি সব সময় বিশ্বাস করি যে এটাই একমাত্র দল যারা অনেক ত্যাগ স্বীকার করেছে।"
সেই বিশ্বাসে বলীয়ান হয়ে মহাত্মা গান্ধী-জওহরলাল নেহরু-ইন্দিরা গান্ধীর স্মৃতিধন্য দলটিতে যোগ দিলেও ভারতের আগামী লোকসভা নির্বাচনে আজহার অংশ নেবেন কি না তা জানা যায়নি।
তেমনি জানা যাচ্ছে না তার আজীবন নিষেধাজ্ঞার শাস্তি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রদ করবে কি না। ২০০০ সালে ঐ শাস্তির জন্যই টেস্ট খেলার 'সেঞ্চুরি' করতে পারেননি তিনি, ৯৯ ম্যাচে থমকে গেছে তার টেস্ট ক্যারিয়ার। সেজন্য বিসিসিআই-এর ওপরে ভীষণ ক্ষুব্ধ কংগ্রেসের একজন সিনিয়র নেতা বীরাপ্পা মোইলি, "আজহারের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। যদি কোনো মামলা থেকেই থাকে সেটা হলো বিসিসিআই আর তার ভেতরে। যেটা আজহার নিজেই করেছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে। তিনি দীর্ঘ ১৬ বছর যোগ্যতার সঙ্গে ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন। এবং (ভারতের) অন্যতম সেরা অধিনায়কও ছিলেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫৫ঘ.
bdnews24