ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ক্রিকেট লিগে বুধবার একাধিক ব্যাটসম্যান পুড়েছেন সেঞ্চুরি বঞ্চনায়। এই যেমন ওল্ড ডিওএইচএসের মেহরাব হোসেন জুনিয়র চার রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি। তবে বঞ্চনার আগুনে আরো বেশি পোড়ার কথা রনি তালুকদারের। আবাহনীর এই ওপেনার যে আউট হয়েছেন ৯৯ রানে!
অবশ্য দলের জয় তাদের সেঞ্চুরি না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিতে পারে অনায়াসেই। এবং তারা দু'জনেই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। আবাহনী পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পেয়েছে ১১১ রানের বিশাল জয়। আর ডিওএইচএসের ৩৮ রানের জয় মোহামেডানকে টানা দ্বিতীয় হারের স্বাদই শুধু দেয়নি, তারা নিজেরাও টানা চার ম্যাচ জিতে এখন পয়েন্ট তালিকার শীর্ষে। অবশ্য এদিন ভিক্টোরিয়াকে ১০৬ রানে হারিয়ে তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে বিমানও।
নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ডিওএইচএস ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে তোলে ২৫১ রান। আর তাদের এতোদূর নিয়ে যাওয়ায় 'অ্যাঙ্কর' এর ভূমিকাটা পালন করেছেন মেহরাবই। মোহামেডানের সফলতম বোলার সোহরাওয়ার্দী শুভ'র (৩/৩৩) বলে ক্যাচ দিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় তার দলের রান ২৪৩। ডিওএইচএস ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। এছাড়া কাফি খান (৩২) ও আবুল হাসান রাজুদের (৩০) ইনিংসগুলোও আড়াইশো পেরুতে রেখেছে দারুণ ভূমিকা।
অবশ্য মার্শাল আইয়ুব যতোক্ষণ উইকেটে ছিলেন, জেতার সম্ভাবনা টিকে ছিল মোহামেডানেরও। ৪৪ রানে ৪ উইকেট খোঁয়ানোর পর দীর্ঘক্ষণ দলের আশা-ভরসার প্রতীক হয়ে থাকা মার্শাল সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর (তখন দলের রান ১৮৪) অবশ্য ডিওএইচএসের জয় নিয়ে আর কোনো অনিশ্চয়তাই ছিল। মোহামেডানকে একাই টেনে নেওয়া মার্শাল করেছেন ৮১ রান। মোহামেডানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস মাত্র ২৫ রানের (ফয়সাল হোসেন)! তারা ৪৭.৫ ওভারে ২১৩ রানে গুটিয়ে যায়। মার্শালকে ফেরানো মনির হোসেন (২/৩৭) এবং রাশেদুর রহমান (২/২৮) দুটো করে উইকেট নিলেও ডিওএইচএসের সফলতম বোলার পেসার আবুল হাসান রাজু (৩/৪৫)। এর চেয়েও বড় কথা, এই প্রথমবারের মতো প্রিমিয়ারে খেলতে নামা এই পেসার চার ম্যাচে ১৪ উইকেট (একটি ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও দেখিয়েছেন) নিয়ে ফেলেছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পারটেক্সের বোলারদের নিয়ে ছেলেখেলা করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রানের পাহাড় তোলে আবাহনী। রনি তালুকদারের সঙ্গে ১২০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়া তামিম ইকবালই (৮৭ বলে ৫৩) যা একটু বেশি বল খেলেছেন। না হলে অন্যরা পাল্লা দিয়ে ঝড়ো ব্যাটিংই করেছেন- রানআউট হওয়া রনি ৯৯ রান করেছেন ৯৬ বলে, বেনুগোপাল রাও ৪৩ বলে অপরাজিত ৫২, সগীর হোসেন ৩২ বলে ৩৬ এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১২ বলে ৩২। এরপর পারটেক্সের রেজাউল হককে (৯১) সেঞ্চুরি বঞ্চনায় পোড়ানো মাশরাফি শুরুতে প্রতিপক্ষের টপঅর্ডারও ধসিয়ে দেন। মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। পারটেক্স নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের বেশি তুলতে পারেনি।
বিকেএসপিতে ভিক্টোরিয়ার বিপক্ষে বিমানের ব্যাটিংয়ে অবশ্য অন্য ম্যাচ দুটোর মতো তেমন বড় কোনো ইনিংস নেই। মুশফিকুর রহমানের ৫৫ রানে ৯ উইকেট হারানো বিমানের ইনিংস ৫০ ওভার শেষে ২১৬ রানের ভদ্রস্থ চেহারা নেয়। জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভিক্টোরিয়া অলআউট হয়ে যায় মাত্র ১১০ রানেই। সাকিব আল হাসান (২/২১) ও মোহাম্মদ শাহজাদা (২/২২) নিয়েছেন দুটো করে উইকেট। ম্যাচ সেরা অবশ্য হয়েছেন মুশফিকুরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24