২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়ানের ঘূর্ণিতে বিধ্বস্ত উইন্ডিজ পিছিয়ে ৩১২ রানে

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ৪১ ওভার বল করেও কোনো উইকেট পাননি তিনি। সুযোগ পাননি কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ব্যবধানে জেতা প্রথম এবং গত সপ্তাহে মাত্র ১০ বল হয়ে পরিত্যক্ত ঘোষিত দ্বিতীয় টেস্টে । অথচ তৃতীয় টেস্টে সেই গ্রায়েম সোয়ানের ঘূর্ণিতেই ক্যারিবীয় ব্যাটসম্যানরা পর্যুদস্ত! এই অফস্পিনার ৫ উইকেট শিকার করায় ২৮৫ রানেই শেষ হয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সেন্ট জন্স, অ্যান্টিগা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ৪১ ওভার বল করেও কোনো উইকেট পাননি তিনি। সুযোগ পাননি কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ব্যবধানে জেতা প্রথম এবং গত সপ্তাহে মাত্র ১০ বল হয়ে পরিত্যক্ত ঘোষিত দ্বিতীয় টেস্টে । অথচ তৃতীয় টেস্টে সেই গ্রায়েম সোয়ানের ঘূর্ণিতেই ক্যারিবীয় ব্যাটসম্যানরা পর্যুদস্ত! এই অফস্পিনার ৫ উইকেট শিকার করায় ২৮৫ রানেই শেষ হয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। তবে ২৮১ রানের লিড পেলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। সব মিলিয়ে ইংলিশরা এগিয়ে আছে ৩১২ রানে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভন স্মিথ ও 'নাইটওয়াচম্যান' ড্যারেন পাওয়েলের দৃঢ়তায় মঙ্গলবার সকালে এক ঘন্টারও বেশি সময় সাফল্যের দেখা পায়নি সফরকারীরা। তারপরই সোয়ানের ঘূর্ণি-আতঙ্কের সূচনা। লাইনের আড়াআড়ি খেলতে গিয়ে তার বলে বোল্ড হয়ে যান স্মিথ (৩৮)। মধ্যাহ্ন-বিরতির আগে ফিরতে হয়েছে পাওয়েলকেও। সোয়ানের বলে স্লিপে পল কলিংউডকে ক্যাচ দেয়ার আগে ২২ রান করেছেন তিনি। চতুর্থ উইকেটে রামনরেশ সারওয়ানের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে স্বাগতিকদের ড্রেসিংরুমে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছিলেন রায়ান হাইন্ডস। কিন্তু অ্যান্ড্রু ফ্লিনটফ হাইন্ডসকে (২৭) কট বিহাইন্ড করার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে উইন্ডিজ। স্বাগতিকদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় ধাক্কা শিবনারায়ণ চন্দরপলের আরেকটা ব্যর্থতা। গত বছর তিনটি করে সেঞ্চুরি ও ফিফটি করা, টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের ২০০৯ সালটা মোটেও ভালো কাটছে না! প্রথম টেস্টে করেছিলেন ২০ রান। মঙ্গলবার মাত্র ১ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন রামনরেশ সারওয়ান। দারুণ আস্থার সঙ্গে ব্যাট করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন। একবার ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে ব্রডের ব্যর্থতায় বেঁচে যাওয়া সারওয়ান ব্রডকেই রিটার্ন ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ক্যাচটা ধরতে পারেননি ইংল্যান্ডের তরুণ পেসার। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানের দারুণ ইনিংসটার সমাপ্তিও আক্ষেপের মাধ্যমেই। সোয়ানকে ওভার দ্য টপ মারতে গিয়ে মিড অনে অ্যান্ড্রু ফ্লিনটফকে ক্যাচ দিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে ৯৪ রান করা সারওয়ানকে। সোয়ানের পরের বলটা ছিল ফুলটস। অথচ সেই বলেই রিটার্ন ক্যাচ দিয়েছেন দীনেশ রামদিন (০)। জেরম টেলর এসে হ্যাটট্রিক ঠেকালেও স্বস্তিকর জায়গায় পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফ্লিনটফ ব্রেন্ডন ন্যাশকে (১৮) ফেরানোর পর সুলেমান বেনকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে ইনিংসে ৫ উইকেট শিকারের আনন্দে মেতে উঠেছেন সোয়ান। ১৯৯৯এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে পিটার সাচের পর কোনো ইংলিশ অফস্পিনারের টেস্টে এটাই প্রথম ইনিংসে ৫ উইকেট প্রাপ্তি। বোলারদের আরো বিশ্রাম দেয়া এবং প্রতিপক্ষকে আরো বেশি চাপে ফেলার লক্ষ্যে আবার ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। ইংল্যান্ড অধিনায়ক নিজে অবশ্য তৃতীয় দিনটা পার করে যেতে পারেননি। প্রথম ইনিংসে ১৬৯ করা স্ট্রাউস এবার মাত্র ১৪ রান করে ফিদেল এডওয়ার্ডসের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন। দিনশেষে অপরাজিত আছেন অ্যালিস্টার কুক ও 'নাইটওয়াচম্যান' জেমস অ্যান্ডারসন। দুজনেরই সংগ্রহ ৪ রান। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৬৬/৯ ডিক্লে. (স্ট্রাউস ১৬৯, কুক ৫২, ওয়েইস শাহ ৫৭, পিটারসেন ৫১, অ্যান্ডারসন ৪, কলিংউড ১১৩, ফ্লিনটফ ০, প্রায়র ৩৯, ব্রড ৪৪, সোয়ান ২০*, অতিরিক্ত ১৭; টেলর ২/৭৩, এডওয়ার্ডস ২/৭৫, পাওয়েল ০/১০৩, গেইল ১/৪১, বেন ০/১৪৩, হাইন্ডস ২/৮৬, ন্যাশ ০/২১) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৮৫ (গেইল ৩০, স্মিথ ৩৮, পাওয়েল ২২, সারওয়ান ৯৪, হাইন্ডস ২৭, চন্দরপল ১, ন্যাশ ১৮, রামদিন ০, টেলর ১৯, বেন ০, এডওয়ার্ডস ১*,অতিরিক্ত ৩৫; অ্যান্ডারসন ০/৫৫, ফ্লিনটফ ৩/৪৭, হার্মিসন ১/৪৪, ব্রড ১/২৪, সোয়ান ৫/৫৭, পিটারসেন ০/১৪, কলিংউড ০/২২) ইংল্যান্ড ২য় ইনিংস : ৩১/১ (স্ট্রাউস ১৪, কুক ৪*, অ্যান্ডারসন ৪*, অতিরিক্ত ৯; এডওয়ার্ডস ১/১৮, টেলর ০/১৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.