২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলিংউডের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিশাল সংগ্রহ

অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড অনেক দিন ধরেই ব্যাটিং-স্বর্গ হিসাবে পরিচিত। সেই পরিচয়টা যে মিথ্যা নয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টে আরো একবার তা প্রমাণিত। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের পর পল কলিংউডও সেঞ্চুরি করায় ৯ উইকেটে ৫৬৬ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাব দিতে নেমে অধিনায়ক ক্রিস গেইলের মূল্যবান উইকেট হারিয়ে দ্বিতীয় দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সেন্ট জন্স, অ্যান্টিগা, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড অনেক দিন ধরেই ব্যাটিং-স্বর্গ হিসাবে পরিচিত। সেই পরিচয়টা যে মিথ্যা নয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টে আরো একবার তা প্রমাণিত। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের পর পল কলিংউডও সেঞ্চুরি করায় ৯ উইকেটে ৫৬৬ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাব দিতে নেমে অধিনায়ক ক্রিস গেইলের মূল্যবান উইকেট হারিয়ে দ্বিতীয় দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৫ রান। ৩ উইকেটে ৩০১ রান নিয়ে শুরু করা ইংলিশরা দিনের শুরুতেই হারিয়ে ফেলেছিল 'নাইটওয়াচম্যান' জেমস অ্যান্ডারসনকে। কিন্তু মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত কেভিন পিটারসেন ও কলিংউড স্বাগতিক বোলারদের আর কোনো সাফল্য পেতে দেননি। তবে পঞ্চম উইকেট জুটিতে ৯৪ রান ওঠার পর সফরকারীদের জোড়া ধাক্কা দিয়েছেন প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেরম টেলর। ৫১ রান করা পিটারসেনকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন তিনি। দু বল পর অ্যান্ড্রু ফ্লিনটফও বোল্ড! ৪০৫ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট ফেলে দিয়ে ম্যাচে ফেরার আশা করতেও শুরু করেছিল ক্যারিবীয়রা। কিন্তু সেই আশা মিলিয়ে যেতেও সময় লাগেনি। ম্যাট প্রায়রকে নিয়ে ৬২ রানের আরেকটা মূল্যবান জুটি গড়ে ইংল্যান্ড শিবিরে আবার স্বস্তি ফিরিয়েছেন কলিংউড। এই জুটিটা ভেঙ্গেছে রানরেট বাড়ানোর চেষ্টার মাশুল দিতে গিয়ে, বাঁহাতি মিডিয়াম পেসার ব্রেন্ডন ন্যাশকে উড়িয়ে মারতে গিয়ে প্রায়রের (৩৯) শিবনারায়ণ চন্দরপলের সহজ ক্যাচে পরিণত হওয়ার মাধ্যমে। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ন্যাশের এটাই প্রথম টেস্ট উইকেট। তবে প্রায়রের বিদায়ও কলিংউডকে হতোদ্যম করতে পারেনি। স্টুয়ার্ট ব্রডকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে দলকে পাঁচ শ'র ওপরে নিয়ে যাওয়ার পাশাপাশি অষ্টম সেঞ্চুরিও পূর্ণ করেছেন তিনি। ৪৪ রান করা ব্রডের রায়ান হাইন্ডসের বলে কট বিহাইন্ড হওয়ার মাধ্যমে ভেঙ্গে গেছে এই জুটি। তারপরও আরেক টেলএন্ডার গ্রায়েম সোয়ানকে (২০*) নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কলিংউড। শেষ পর্যন্ত তাকে থামিয়েছেন হাইন্ডস, ডিপ মিডউইকেটে ডেভন স্মিথের ক্যাচ বানিয়ে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। কলিংউডের ১১৩ রানের দারুণ ইনিংসটা সাজানো ছিল ১৪ বাউন্ডারিতে। ক্যারিবীয়দের দুই ওপেনার গেইল ও ডেভন স্মিথ সতর্কতার সঙ্গে শুরু করে প্রতিপক্ষের দুই নতুন বলের বোলার অ্যান্ডারসন ও ফ্লিনটফের প্রথম স্পেল পার করে দিয়েছিলেন। কিন্তু তারপরই দারুণ এক নাটকীয়তা। স্টিভ হার্মিসনের প্রথম ওভারে ছক্কা ও চার মেরে (দুটোই নো বলে) দর্শকদের উন্মাতাল করে তুলেছিলেন গেইল। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার মাশুল দিয়ে সেই ওভারের চতুর্থ বলে মিডঅফে অ্যান্ডারসনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ক্যারিবীয় অধিনায়কের ৩২ বলে করা ৩০ রানের ২৬-ই এসেছে বাউন্ডারি (৫টি চার ও একটি ছক্কা) থেকে। দিনের বাকি ৪.৪ ওভার 'নাইটওয়াচম্যান' ড্যারেন পাওয়েলকে নিয়ে কোনো রকমে পার করে দিয়েছেন ডেভন স্মিথ। দিনশেষে স্মিথ ১০ ও পাওয়েল ২ রানে অপরাজিত। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৬৬/৯ ডিক্লে. (স্ট্রাউস ১৬৯, কুক ৫২, ওয়েইস শাহ ৫৭, পিটারসেন ৫১, অ্যান্ডারসন ৪, কলিংউড ১১৩, ফ্লিনটফ ০, প্রায়র ৩৯, ব্রড ৪৪, সোয়ান ২০*, অতিরিক্ত ১৭; টেলর ২/৭৩, এডওয়ার্ডস ২/৭৫, পাওয়েল ০/১০৩, গেইল ১/৪১, বেন ০/১৪৩, হাইন্ডস ২/৮৬, ন্যাশ ০/২১) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৫৫/১ (গেইল ৩০, স্মিথ ১০*, পাওয়েল ২*, অতিরিক্ত ১৩; অ্যান্ডারসন ০/৯, ফ্লিনটফ ০/২২, হার্মিসন ১/১৮, ব্রড ০/২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৪ঘ.