২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠত্ব হারানোর ঝুঁকি নিয়ে দেশ ছাড়ল অস্ট্রেলিয়া

অনেক দিন পর কোনো সিরিজে অস্ট্রেলিয়ার গায়ে ফেভারিটের তকমা অনুপস্থিত। প্রায় এক দশক ধরে তারা বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত সম্রাট। যদিও সেই সম্মান এখন প্রায় ভুলণ্ঠিত। গত বছর ভারত সফরে ০-২ ব্যবধানে নাকাল হওয়া এবং কিছু দিন আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হার অস্ট্রেলীয়দের ঠেলে দিয়েছে খাদের কিনারে। যে খাদের নাম হতে পারে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর আশঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

সিডনি, ১৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর কোনো সিরিজে অস্ট্রেলিয়ার গায়ে ফেভারিটের তকমা অনুপস্থিত। প্রায় এক দশক ধরে তারা বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত সম্রাট। যদিও সেই সম্মান এখন প্রায় ভুলণ্ঠিত। গত বছর ভারত সফরে ০-২ ব্যবধানে নাকাল হওয়া এবং কিছু দিন আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হার অস্ট্রেলীয়দের ঠেলে দিয়েছে খাদের কিনারে। যে খাদের নাম হতে পারে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর আশঙ্কা। দক্ষিণ আফ্রিকায় ফিরতি সফরটা তাই অস্ট্রেলীয়দের জন্য আক্ষরিক অর্থেই অগ্নিপরীক্ষা। রিকি পন্টিং তা মানছেনও। তবে সোমবার প্রোটিয়াদের দেশে রওনা দেয়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক দৃঢ়তার সঙ্গে জানালেন ফেভারিট হওয়ায় সিরিজটায় দক্ষিণ আফ্রিকাই বেশি চাপের মধ্যে থাকবে! "এই সিরিজে যে ওরাই (দক্ষিণ আফ্রিকা) ফেভারিট তা বোঝার জন্য আপনার আইনস্টাইন হওয়ার দরকার নেই। তবে ওরা ফেভারিট থাকায় এবং ওদের ওপরে দেশের মানুষের প্রত্যাশার চাপের কারণে আমরা ওখানে দুর্দান্ত একটা সূচনা পেলে কে জানে, সব কিছু খুব দ্রুতই ওদের বিপক্ষে চলে যেতেও পারে" --- সম্ভবত গ্রায়েম স্মিথের দলকে চাপে ফেলার জন্যই দেশ ছাড়ার আগে কথার লড়াই শুরু করে দিলেন পন্টিং। যে কাজে সব অস্ট্রেলীয় অধিনায়কই দারুণ দক্ষ! অবশ্য আগে-ভাগেই বাকযুদ্ধে নেমে পড়া ছাড়া পন্টিংয়ের বোধহয় উপায়ও নেই। ঘরের মাঠে তার দল তো পাত্তাই পায়নি প্রোটিয়াদের কাছে। এক ঝাঁক গ্রেট ক্রিকেটারের অবসরে এক সময়ের মহাপরাক্রমশালী দলটি কোনো রকমে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচেছে। সিডনিতে শেষ টেস্ট হেরে গেলে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও তাদের হাতছাড়া হয়ে যেত। তবে এই সিরিজেও হেরে গেলে অস্ট্রেলিয়ার পক্ষে অবনমনটা ঠেকানো সম্ভব হবে না। তাদেরকে হটিয়ে শীর্ষে চলে যাবে স্মিথের দল। দক্ষিণ আফ্রিকায় আগের দুটো টেস্ট সিরিজ হেসে-খেলে জিতলেও (২০০২ সালে ২-১ ও ২০০৬ সালে ৩-০) এবার তাই অস্ট্রেলিয়ারই চাপের মধ্যে। পন্টিং কিন্তু তা মানতে রাজি নন। তার দাবী, "আমাদের ওপরে বাড়তি কোনো চাপ থাকবে না। বরং দক্ষিণ আফ্রিকার ওপরেই তা থাকবে। অনেক দিন ধরেই ওরা বিশ্বের এক নম্বর টেস্ট দলের স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই করছে। তাই এটাই হয়তো আমাদের চেয়ে ওদের মনের ওপরে বেশি চাপ ফেলবে।" কারা বেশি চাপে থাকবে, টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ট্রফি নিয়ে কারা উল্লাসে মেতে উঠবে তার আভাস পাওয়া যাবে ২৬ ফেব্র"য়ারি থেকে। সেদিনই জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে আগামী শুক্রবার থেকে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজশেষে ৫টি ওয়ানডে এবং দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে স্মিথ আর পন্টিংয়ের দল। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.