সেন্ট জন্স, অ্যান্টিগা, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্টেডিয়ামটা সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের নামে। অথচ সেই স্টেডিয়ামেই কি না এমন কেলেঙ্কারি! শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট আউটফিল্ডের দুরবস্থার কারণে মাত্র ১০ বল পরই পরিত্যক্ত ঘোষিত হয়েছে। দুদলের অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। কারণ রোববার থেকে অ্যান্টিগার পুরনো টেস্ট ভেন্যু অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে শুরু হবে তৃতীয় টেস্ট। অর্থাৎ চারটির বদলে দুদলের মধ্যে হবে পাঁচ টেস্টের সিরিজ।
টস জিতে ক্যারিবীয় অধিনায়ক ক্রিস গেইল প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানালেও শুক্রবার শুরু থেকেই ভীষণ অস্বস্তিতে ছিলেন তার দলের দুই নতুন বলের বোলার জেরম টেলর ও ফিদেল এডওয়ার্ডস। নরম, বালুতে ভরা মাঠে দুজনেরই বল করতে ভীষণ সমস্যা হচ্ছিল। টেলর এক ওভার করলেও এডওয়ার্ডস ৪ বলের বেশি করতে পারেননি। ১০ বল পরই তাই খেলা বন্ধ হয়ে যায়। ইংল্যান্ডের স্কোর তখন বিনা উইকেটে ৭ রান।
খেলা বন্ধ হওয়ার ঘন্টাখানেক পর গ্রাউন্ডসম্যানরা বোলারদের রান-আপের এক প্রান্ত খুঁড়ে তা ঠিক করার চেষ্টা করেন। তখনই ধরা পড়ে মাঠটা একেবারে বালুময়। ক্রিকেটারদের জন্য বিপজ্জনক বলে সবার সঙ্গে আলোচনা করে এই মাঠে খেলা না চালানোরই সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি অ্যালান হার্স্ট, "সংশ্লিষ্ট স্থানীয় কর্র্র্র্তৃপক্ষ এবং দুই বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে যে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব নয়। মাঠের অবস্থা বিশেষ করে বোলারদের রান-আপের জায়গা ঠিক ছিল না এবং তা ভীষণ বিপজ্জনক মনে হচ্ছিল। আর তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে দুয়েক দিনের মধ্যে (টেস্ট ভেন্যুর) মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হবে না (এই মাঠের পক্ষে)। তবে অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড আমাদের একই দ্বীপে টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ করে দিয়েছে।"
নিজের নামাঙ্কিত স্টেডিয়ামের আউটফিল্ডের এমন দুরবস্থা দেখে রিচার্ডস স্বাভাবিকভাবেই ভীষণ মর্মাহত। ক্ষোভের সুরে তিনি বলেছেন, "এটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পায়ে গুলি করাই শুধু নয়, হৃদপিন্ডে তীর বিদ্ধ করার মতোই ঘটনা। এটা হজম করা খুবই কঠিন। এই অঞ্চলের প্রচুর মানুষ ক্রিকেটের ভীষণ ভক্ত।"
এভাবে দ্বিতীয় টেস্টের 'অপমৃত্যু' হওয়ায় দুই অধিনায়কও হতাশ। ক্যারিবীয় অধিনায়ক ক্রিস গেইলের মন্তব্য, "এটা খুবই হতাশাজনক ও অস্বস্তিকর ঘটনা। (ক্রিকেট মাঠ) মান অনুযায়ী ছিল না বলে দর্শকদের কাছে ক্ষমা চাইতেই হবে আমাকে। দুই অধিনায়কই খেলতে চেয়েছিল। কিন্তু আমাদের বোলাররা মোটেও স্বস্তি পাচ্ছিল না। আমরাও কোনো ধরণের ইনজুরির ঝুঁকি নিতে চাইনি।" আর ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন, "কোনো টেস্ট ম্যাচের এভাবে পরিত্যক্ত হওয়াটা ঠিক নয়। এটা থেকে অবশ্যই সবার শিক্ষা নেয়া উচিৎ।"
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এভাবে কোনো ম্যাচ পরিত্যক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটা। প্রথমটাও হয়েছিল ক্যারিবিয়ানেই এবং সেই ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড! ১৯৯৮ সালে কিংস্টনের স্যাবাইনা পার্কে ১০.১ ওভার পরই খেলার অনুপযোগী পিচের কারণে পরিত্যক্ত হয়ে যায় সেই টেস্ট। স্বাগতিক পেসারদের তোপের মুখে ইংল্যান্ড তখন ১৭ রানে তিন জন ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণে বিপদে পড়ে গিয়েছিল। তবে সেজন্য নয়, বল বার বার ব্যাটসম্যানদের গায়ে আঘাত করছিল বলেই তাদের নিরাপত্তার কথা ভেবে দুই অধিনায়ক ব্রায়ান লারা ও মাইক আথারটন মাঠের বাইরে চলে যেতে সম্মত হয়েছিলেন। পরে আম্পায়ার ও অধিনায়কদের সঙ্গে কথা বলে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন অস্ট্রেলীয় ম্যাচ রেফারি ব্যারি জার্মান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৮ঘ.
bdnews24