ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পিলখানায় বিডিআর সদর দপ্তরে বুধবার সশস্ত্র সিপাহী বিদ্রোহের প্রভাব পড়েছে গোটা ক্রীড়াঙ্গনেই। ক্রিকেটও এর বাইরে নয়। এদিন প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচগুলো যথাসময়ে শুরু হলেও এক পর্যায়ে সবগুলো ম্যাচই স্থগিত করা হয়। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটিও বাতিল করা হয় একই কারণে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 'অনিবার্য কারণে'।
পরে সন্ধ্যায় আরেকবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) প্রিমিয়ার ও প্রথম বিভাগের স্থগিত ম্যাচগুলো বৃহষ্পতিবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এবং এদিন যেখানে খেলা থেমে গেছে, সেখান থেকেই পরের দিন শুরু হবে। একারণে বৃহষ্পতিবার নির্ধারিত ম্যাচগুলো বডিলি শিফট হয়ে যাবে।
যেখানে থেমে গেছে, সেখান থেকেই আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হওয়ায় বৃহষ্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে জিততে হলে ৪১ ওভারে আরো ২৫৮ রান করতে হবে ওল্ড ডিওএইচএসকে। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী ইমরান আহমেদ (৭০) ও বেনুগোপাল রাওয়ের (৭৭) ফিফটি এবং সগীর হোসেন (৩০ বলে ৩৯) ও নাসির হোসেনের (৩০ বলে অপরাজিত ৪২) ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাব দিতে নামা ডিওএইচএস ৯ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তোলার পরই ম্যাচ স্থগিত হয়ে যায়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বিমানের বিপক্ষে ৯ উইকেটে ২৩৬ রান তোলে সিটি ক্লাব। জবাব দিতে নামা বিমান ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তোলার পর স্থগিত হয়ে যায় খেলা। বিকেএসপিতে মোহামেডান-সূর্যতরুণ ম্যাচও শুরু হয়ে শেষ হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24