ওয়েলিংটন, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ তিন বলে দরকার ৯ রান। ক্রিজে নিউজিল্যান্ডের আগের ম্যাচের জয়ের নায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ইরফান পাঠানের পরপর দুই বলে বাউন্ডারি মেরে প্রয়োজনীয়তাটা ১ রানে নামিয়ে আনলেন তিনি। শেষ বল মিডঅফের আকাশে উঠে গেলেও ক্যাচটা ধরতে পারলেন না রোহিত শর্মা। সুবাদে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে ভারতকে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জেসি রাইডার (১৫ বলে ২৬) আর ম্যাককালাম উদ্বোধনী জুটিতে দলকে ঝড়ো সূচনা (৪.৪ ওভারে ৫৩ রান) এনে দিলেও এরপর রানের গতি শ্লথ হয়ে পড়ে কিউইদের। তবে ম্যাককালামের জন্যই আস্কিং রানরেট কখনোই ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়নি।
শেষ ৩ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে নিউজিল্যান্ডের দরকার ছিল ২৮ রানের। তখনই একটা 'জুয়া' খেললেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বল তুলে দিলেন ২ ওভারে ২৫ রান দেয়া ইরফান পাঠানের হাতে। এবং ইরফানও তার ওপরে রাখা আস্থার প্রতিদান দিয়েছেন পরপর দুই বলে রস টেলর ও জ্যাকব ওরামকে আউট করে। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি পাঠানদের ছোট ভাই। টোয়েন্টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাককালাম মাথা ঠান্ডা রেখে শেষ বলে দলকে এনে দিয়েছেন নাটকীয় এক জয়। ৫৫ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচও তিনিই।
এর আগে বীরেন্দর শেবাগ ১১ বলে ২৪ রান করে দারুণ সূচনা এনে দিয়েছিলেন টস হেরে ব্যাট করতে নামা ভারতকে। কিন্তু যুবরাজ সিং ও ধোনি ছাড়া আর কেউ জ্বলে উঠতে না পারায় ৬ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি 'টিম ইন্ডিয়া'। ৩৪ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫০ রান করেছেন যুবরাজ। ধোনি অপরাজিত ছিলেন ২৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২০ ওভারে ১৪৯/৬ (গম্ভীর ১০, শেবাগ ২৪, রায়না ০, যুবরাজ ৫০, ধোনি ২৮*, ইউসুফ ০, জাদেজা ১৯, ইরফান ১৫*, অতিরিক্ত ৩; সাউদি ১/৩৬, ও' ব্রায়েন ২/৩০, বাটলার ২/৪২, ভেট্টোরি ১/২১, রাইডার ০/১৮)
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৫০/৫ (রাইডার ২৬, ম্যাককালাম ৬৯*, গাপটিল ১০, টেলর ২৭, ওরাম ০, ব্র"ম ৫, নাথান ম্যাককালাম ১*, অতিরিক্ত ১২; ইরফান ২/৪১, জহির ১/৩০, ইশান্ত ০/১৯, হরভজন ১/১৫, জাদেজা ০/২১, যুবরাজ ১/১৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫০ঘ.
bdnews24