কেপটাউন, ৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চোটের কারণে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। প্রোটিয়াদের জন্য সুখবর, চোট কাটিয়ে স্মিথ এখন সুস্থ। তাই অস্ট্রেলিয়ার সঙ্গেই ঘরের মাঠে আগামী ২৬ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে খেলতে পারবেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে বাঁ হাতের হাড়ে চিড় ধরা ছাড়াও অনেক দিন ধরে ভোগানো কনুইয়ের চোট ওয়ানডে সিরিজে খেলতে দেয়নি স্মিথকে। তবে তার অনুপস্থিতির পরও জোহান বোথার নেতৃত্বে অস্ট্রেলীয়দের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকানদের জন্য এই সুখবরের সঙ্গে এখন যোগ হয়েছে নিয়মিত অধিনায়ককে ফিরে পাওয়ার আনন্দ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড 'ক্রিকেট সাউথ আফ্রিকা'র মাধ্যমে দেয়া এক বিবৃতিতে স্মিথ জানিয়েছেন দলের চিকিৎসকদের তাকে মাঠে নামার অনুমতি দেয়া এখন শুধুই সময়ের ব্যাপার, "তারা (চিকিৎসকরা) আমার হাতের চোটের অবস্থা নিয়ে দারুণ সন্তুষ্ট। এবং তারা মনে করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে আমার কনুইও ভালো করে দিতে পারবেন।"
২৬ ফেব্র"য়ারি থেকে জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৬-১০ মার্চ ডারবানে দ্বিতীয় এবং ১৯-২৩ মার্চ তৃতীয় টেস্ট হবে কেপটাউনে। টেস্ট সিরিজশেষে দুটো টোয়েন্টি টোয়েন্টি এবং ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০২ঘ.
bdnews24