ঢাকা, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কেউ একজন ফোন করে জানিয়েছিলেন, ভারতীয় চ্যানেল এনডিটিভি সরাসরি দেখাচ্ছে আইপিএলের নিলাম। সঙ্গে সঙ্গেই টিভি ছেড়ে বসলেন, কিন্তু তার এলাকায় এনডিটিভি দেখা যায় না। অগত্যা তার আইপিএলভাগ্য জানার জন্য কারো ফোনের অপেক্ষায় বসে থাকা। মাশরাফি বিন মর্তুজার সেই অপেক্ষা ফুরালো তখন, যখন তিনি মিরপুর সাড়ে এগারো নাম্বারের এক মসজিদে জুম্মার নামায পড়তে ঢুকছেন, "মসজিদে ঢোকার সময় ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখি তামিম, ও-ই প্রথম জানালো আমাকে ৬ লাখ ডলারে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।"
এমনিতে ধর্মপ্রাণ বলে পরিচিত মাশরাফি এরপর জুম্মার নামাযে স্রষ্টার প্রতি আনুগত্যে আরো বেশি নুয়ে পড়েছেন নিশ্চয়ই। কারণ যে অঙ্কে তাকে কিনে নিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল, মাশরাফি এতোটা প্রত্যাশাই করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে সে কথা অবলীলায় স্বীকারও করলেন, "অন্যান্য দিনগুলো যেভাবে শুরু হয়, আজকের দিনটাও শুরু হয়েছিল সেভাবেই। ঘুম থেকে ওঠার পর বাসাতেই ছিলাম। ভাবনায় আনতে চাইছিলাম না তবুও আইপিএলের বিষয়টা চলে আসছিল। ভেবেছি তবে সত্যি কথা বলতে কী, যে মূল্যে বিক্রি হলাম আমার প্রত্যাশা তার ধারেকাছেও ছিল না। বেজ প্রাইসেই কেউ কিনবে বলে ধরে নিয়েছিলাম। আর যদি বাড়েও, বড়জোর এক লাখ ডলার দাম উঠবে। এমনই মনে হয়েছিল আমার।"
নিজের আনন্দের পাশাপাশি সাকিব আল হাসানের কোনো দল না পাওয়ার জন্য দুঃখও আছে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের, "অবশ্যই আমি খুব খুশী। কারণ আমি মনে করি বছরের পর বছর ধরে আমার কঠোর পরিশ্রমের ফল এটা। পাশাপাশি এই মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও। তবে আমি আরো বেশি খুশী হতাম যদি সাকিব দল পেত। ব্যাট ও বল হাতে চমকপ্রদ ফর্মের জন্য দল পাওয়াটা সত্যিই প্রাপ্য ছিল ওর।" মাশরাফি জানিয়েছেন, তার সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে, "পাঞ্জাবের অধিনায়ক যুবরাজ সিংয়ের সঙ্গে নিয়মিতই ফোনে কথা হত। ও বলেছিল, 'চিন্তা করিস না। আমরা তোকে নিয়ে নেব।' ওদিকে কলকাতার জিত নামের একজন যোগাযোগ করতো। তাদের পক্ষ থেকে এমনও বলা হয়েছিল, আমি যেন নিলাম থেকে নাম প্রত্যাহার করে নেই। তাহলে ওরা আমাকে এমনিতেই কিনে নিত। কিন্তু আমি রাজী হইনি।"
রাজী হলে নিশ্চয়ই এমন লোভনীয় অঙ্ক পেতেন না। অবশ্য তার দুটো পছন্দের দলের একটায় যেতে পেরেছেন বাংলাদেশ দলের এই মূল স্ট্রাইক বোলার। ভারতে খেলাটা খুব উপভোগ করবেন জানিয়ে বললেন, "ভারতে আমার অনেক বন্ধু ও ভক্ত আছে। এটা ভেবেই আরো ভালো লাগছে বেশি। আমি ওখানে খেলতে ভালোবাসি। তাছাড়া কলকাতা আমাদের ঘরের কাছেই। আমি জানি সেখানকার কতো লোক বাংলাদেশী ক্রিকেটারদের পছন্দ করে। নিলাম শেষ, এখন আমার চ্যালেঞ্জ সেখানে গিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করা।"
মাশরাফি যেমন, তেমনি সাকিব কোনো দল না পাওয়ায় কষ্ট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও, "সাকিব দল না পাওয়ায় খুবই অবাক হয়েছি আমি। কারণ ও এমন একজন খেলোয়াড় যে কিনা এই মৌসুমে দু'ধরনের ক্রিকেটেই অসাধারণ খেলছিল। তবে আমার ধারণা নিলামে ভাগ্যও বড় ভূমিকা রাখে। সাকিবের ঘটনাটা বাদ দিলে আমি দারুণ খুশী মাশরাফির জন্য। কারণ দিনের পর দিন দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়ে যাচ্ছিল। দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর আমরা দু'জন সুযোগ পেয়েছি, এটা আমাদের ক্রিকেটের জন্যও ইতিবাচক একটা দিক।" বেজ প্রাইস ৭৫ হাজার ডলারেই মুম্বাই ইন্ডিয়ানস তাকে কিনে নিলেও আর্থিক দিক থেকে আশরাফুলের জন্য এই চুক্তিটা হতাশাব্যঞ্জকই হওয়ার কথা।
অর্থের অঙ্কটা হতাশার হলেও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলাটা তার শৈশবের স্বপ্নও পূরণ করবে, "আগেও বহুবার বলেছি, শচীন টেন্ডুলকার আমার আইডল। কোনো একদিন শচীন টেন্ডুলকারের সঙ্গে খেলবো, ছোটবেলায় এমন স্বপ্নই দেখতাম। আর এখন আমরা একই দলে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24