কিংস্টন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র তিন রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি, কিন্তু অধিনায়কের পদ থেকে সদ্যই সরে দাঁড়ানো কেভিন পিটারসেনের ব্যাটই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মান বাঁচিয়েছে ইংল্যান্ডের। কিংস্টনের স্যাবাইনা পার্কে তার ৯৭ রানের ইনিংসে ভর করে বুধবার প্রথম দিনশেষে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড তুলেছে ৫ উইকেটে ২৩৬ রান।
৩১ রানে দুই উইকেট হারানোর পর মাঠে নেমেছিলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই সেই স্কোরটা হতে দেখেছেন ৯৪। কিন্তু অ্যান্ড্রু ফ্লিন্টফকে (দিনশেষে ৪৩ রানে অপরাজিত) সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৮৬ রানের দারুণ এক জুটি গড়ে ইংল্যান্ডকে পথে ফিরিয়েছেন পিটারসেনই।
তবে সেঞ্চুরি না পাওয়ার দায়টা নিজের কাঁধেই নিতে হবে তাকে। সারা দিন দুর্দান্ত বোলিং করা বাঁহাতি স্পিনার সুলেমান বেনের আগের ওভার থেকে ১৪ রান তুলে নেওয়ার পর আবার তাকে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন তিনি, আকাশে উঠে যাওয়া ক্যাচটা নিতে কোনো অসুবিধাই হয়নি উইকেট কিপার দিনেশ রামদিনের। ১৭২ বলের ইনিংসে ১২টি বাউন্ডারি আর একটি ছক্কা মেরেছেন সদ্য সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং ফিগার বেনেরই, ৩৩-১০-৬৪-২। তবে সকালে তাদের প্রথম ধাক্কাটা দিয়েছেন দুই পেসার জেরম টেলর আর ড্যারেন পাওয়েল। ইনিংসের পঞ্চম ওভারেই নতুন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসকে (৭) ফিরিয়েছেন টেলর, আর প্রথম বদলি বোলার হিসেবে বল করতে এসেই নবম ওভারে অ্যালিস্টার কুককে (৪) বিদায় করে দিয়েছেন পাওয়েল।
পিটারসেনের লড়াই শুরু সেখান থেকেই। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে তাকে প্রথম সঙ্গ দিয়েছেন ইয়ান বেল (২৮), কিন্তু মধ্যাহ্ন বিরতির আগেই তাকেও ফিরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। আর দ্বিতীয় সেশনে বেন তার প্রথম সাফল্যটি পেয়েছেন পল কলিংউডকে (১৬) এলবিডব্লুর ফাঁদে ফেলে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৩৬/৫ (স্ট্রস ৭, কুক ৪, বেল ২৮, পিটারসেন ৯৭, কলিংউড ১৬, ফ্লিন্টফ ৪৩*, প্রিয়র ২৭*; টেলর ১/৫৬, এডওয়ার্ডস ০/৪৩, পাওয়েল ১/৩১, বেন ২/৬৪, গেইল ১/৩৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫১০ ঘ.
bdnews24