ঢাকা, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দুটো টোয়েন্টি টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ মার্চ ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের ১৬ দিনের বাংলাদেশ সফরে ঢাকা ও চট্টগ্রামের বাইরে কোথাও খেলা রাখা হয়নি। যদিও এর আগে বগুড়ায় খেলার রাখার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। কিন্তু চূড়ান্ত সফরসূচীতে এর কোনো প্রতিফলন নেই।
১০ ও ১২ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দুটো। একই ভেন্যুতে ১৩, ১৫ ও ১৭ মার্চ হবে ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ। পরের ম্যাচ দুটোর ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়াম। ম্যাচ দুটো হবে ২০ ও ২২ মার্চ।
প্রসঙ্গত এটি হবে পাকিস্তান দলের বাংলাদেশে ফিরতি সফর। এর আগে গত বছর অস্ট্রেলিয়া দল নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে সেখানে যায় বাংলাদেশ। ওই সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পিসিবির সমঝোতা চুক্তি অনুযায়ী এই সফরে আসছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮২৯ঘ.
bdnews24