২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল-এ খেলবেন না পাকিস্তানী ক্রিকেটাররা

গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গীদের সহিংস হামলার পর থেকেই ভারত আর পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক। সেই শীতল সম্পর্কের কুপ্রভাব পড়তে যাচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এও! এই আকর্ষণীয় টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরে পাকিস্তানের ক্রিকেটারদের অংশ নেয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

করাচি, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গীদের সহিংস হামলার পর থেকেই ভারত আর পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক। সেই শীতল সম্পর্কের কুপ্রভাব পড়তে যাচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এও! এই আকর্ষণীয় টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসরে পাকিস্তানের ক্রিকেটারদের অংশ নেয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। গত বছর আইপিএল-এর প্রথম আসরে পাকিস্তানের ১০/১২ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য ছড়ানো সোহেল তানভির টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জেতার পাশাপাশি রাজস্থান রয়্যালসের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আগামী বৃহস্পতিবার গোয়ায় অনুষ্ঠেয় আইপিএল-এর নিলামে লেগস্পিনার দানিশ কানেরিয়াসহ পাঁচ জন পাকিস্তানী ক্রিকেটারের জায়গাও হয়েছে। কিন্তু এসবই মূল্যহীন হয়ে গেছে পাকিস্তান সরকারের এক আদেশে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি লিখিত বক্তব্য হাতে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আদেশটা মেনে নিয়ে পিসিবি'র চিফ অপারেটিং অফিসার সেলিম আলতাফ জানিয়েছেন, "আইপিএল এবং ভারতীয় বোর্ডকে আমরা জানিয়েছি যে আমাদের খেলোয়াড়রা এ বছর আইপিএল-এ অংশ নিতে পারছে না।" অবশ্য পাকিস্তানের একটি টিভি চ্যানেল 'জিও' জানিয়েছে নিরাপত্তাহীনতার আশঙ্কার কারণেই ক্রিকেটারদের আইপিএল-এ অংশ নেয়ার অনুমতি দিতে রাজি নয় সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবিই। এটা অবশ্য নেহাতই কথার কথা। কারণ ক্রিকেটারদের ভারত সফরে যেতে দিতে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। এ প্রসঙ্গে সেলিম আলতাফের বক্তব্য, "ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ক্রিকেটারদের (ভারতে) যাওয়ার অনুমোদন দেবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বলেছে এই সময়ে খেলোয়াড়দের ভারতে পাঠানো ঠিক হবে না।" পাকিস্তানের ক্রিকেটারদের ওপরে জারি হওয়া এই নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। শূন্যস্থান পূরণে বৃহস্পতিবারের নিলামে আশরাফুল-মাশরাফি-সাকিব-তামিমদের ওপরে আগ্রহী হতে পারে আইপিএল-এর আটটি ফ্র্যাঞ্চাইজ। আইপিএল মানেই বিশাল অর্থের হাতছানি। সরকারের হস্তক্ষেপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই মনক্ষুন্ন আইপিএল-এর প্রথম আসরে দিল্লী ডেয়ারডেভিলসের পক্ষে খেলা শোয়েব মালিক। তবে সেটা মেনে নিয়েই পাকিস্তানের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বলেছেন, "এটা খুবই হতাশাজনক। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এটা তো আমাদের মেনে নিতেই হবে।" এদিকে শোয়েব মালিকদের জন্য হতাশার দিনে একটা দারুণ সুখবর পেয়েছেন ইনজামাম-ইউসুফ-রাজ্জাকরা। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দেয়ার কারণে তাদেরকে ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় দলে নিষিদ্ধ করেছে পিসিবি। সোমবার এই নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ জারি করে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়ার অনুমতি দিয়েছে সিন্ধু হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.